কওমি শিক্ষার্থীদের মূলধারার শিক্ষায় সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন প্রণয়নবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ওপেন স্কুলের আয়োজনে কর্মশালাটি ১ ও ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালার উদ্বোধন করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের বৃহৎ জনগোষ্ঠীকে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শিক্ষা থেকে বঞ্চিত এবং প্রচলিত শিক্ষাব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীর জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ সৃষ্টি করা বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, কওমি ধারার শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এসএসসি (নিশ-৩) ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখেই জাতীয় ও মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।
উপাচার্য আরও বলেন, নিশ-৩ প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশন এখনো চূড়ান্ত হয়নি। কর্মশালায় শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে সিলেবাস ও রেগুলেশনকে আরও সমৃদ্ধ ও যুগোপযোগী করা হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এ প্রোগ্রাম বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, এ উদ্যোগ সফল হলে বাউবির শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে একটি নতুন অধ্যায় যুক্ত হবে। বয়স, লিঙ্গ, পেশা ও সামাজিক অবস্থান নির্বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত রেখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
ওপেন স্কুলের ডিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং ঢাকা মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে স্বাগত বক্তব্য দেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রাহীম। কর্মশালায় প্রস্তাবিত সিলেবাসের সার-সংক্ষেপ উপস্থাপন করেন ওপেন স্কুলের অধ্যাপক ড. মোঃ চেঙ্গীশ খান।
বক্তারা বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইনের চেতনাকে ধারণ করে দারিদ্র্যমুক্ত, যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের মননশীলতা, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি, আর্থ-সামাজিক জ্ঞান এবং পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ ছাড়া দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান ও উপার্জনমুখী কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং পরিবর্তনশীল সমাজের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বশীল ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ আরও সুগম করার লক্ষ্য নিয়েও বাউবি কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতির সমাপনী বক্তব্য দেন ওপেন স্কুলের ডিন অধ্যাপক ড. মোছাঃ শিরিন সুলতানা। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বাউবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।
দুই দিনব্যাপী এ কর্মশালায় সংশ্লিষ্ট শিক্ষাবিদ, বিশেষজ্ঞ ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এসএসসি ও এইচএসসি (নিশ-৩) প্রোগ্রামের সিলেবাস ও রেগুলেশনকে চূড়ান্ত রূপ দেওয়ার বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে।






