সাঈদা সুলতানা: সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ প্রজন্মকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য ‘বগুড়া সাহিত্য উৎসব-২০২৬’। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে দেশের ৫৭টি জেলা থেকে আগত প্রায় ৩০০ কবির অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখা এ আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ সেকেন্ড নীরবতা পালন করা হয়।
বগুড়া সাহিত্য উৎসব-২০২৬-এর আহ্বায়ক ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন। তিনি আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী সাহিত্য উৎসবের উদ্বোধন করেন।
এ সময় জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখার সভাপতি ফাতেমা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক সোহাগ সাদেক যথাক্রমে সভাপতির বক্তব্য ও স্বাগত বক্তব্য প্রদান করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল তরুণ কবিদের স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, কবি আড্ডা এবং ‘তরুণ কবি সৃষ্টিতে লিটলম্যাগের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা। এ ছাড়া অনুষ্ঠানে জাতীয় কবিতা মঞ্চ, বগুড়া শাখার মুখপত্র ও সাহিত্যের ছোট কাগজ ‘কাঠপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়।
উৎসবের সদস্যসচিব এইচ. আলিম বলেন,
“এই সাহিত্য উৎসবের মূল লক্ষ্য হলো তরুণ ও নবীন কবিদের সাহিত্যচর্চায় উৎসাহিত করা, যাতে তাঁরা তাঁদের লেখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে পারেন। মানবিক চেতনার বিকাশ ঘটলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও শিক্ষাবিদ বজলুল করিম বাহার, কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্ এবং খৈয়াম কাদের।
আলোচনায় আরও অংশ নেন বাংলা একাডেমির উপপরিচালক ড. সাহেদ মন্তাজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহসভাপতি মনজু খন্দকার, কেন্দ্রীয় সহসভাপতি মো. আমজাদ হোসেন খান এবং সমন্বয়ক কবি লিপি আক্তার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য হোমিও, ঢাকার অধ্যক্ষ ডা. এস. এম. সরওয়ার।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ শহীদুল্লাহ্, খৈয়াম কাদের, জাতীয় কবিতা মঞ্চের সিনিয়র সহসভাপতি মনজু খন্দকার, জাতীয় কবিতা মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আমজাদ হোসেন খান, সমন্বয়ক কবি লিপি আক্তার, নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক, বগুড়ার পরিচালক আমিনুর রহমান, কবি ও সম্পাদক রোকসানা রহমান, নোঙরের সভাপতি হাসানুজ্জামান, উত্তরণ পাবনার সভাপতি আলমগীর কবির হৃদয়, কবি নিলুফা জামান এবং দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক অদিতি রায়।
প্রাচীন ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতির নগরী বগুড়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে কবিদের এই মিলনমেলা সাহিত্যাঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে। বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সাহিত্য উৎসব তরুণদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি একটি মানবিক, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে।







