, ,

রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ড: সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি বাংলাদেশ হিন্দু মহাসভার

নিউজটি শেয়ার করুন

রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ড: সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি বাংলাদেশ হিন্দু মহাসভার
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ও হোমিও চিকিৎসক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের নৃশংস হত্যাকাণ্ডে গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু মহাসভা।
বাংলাদেশ হিন্দু মহাসভার চেয়ারম্যান দীপক চন্দ্র গুপ্ত ও মহাসচিব সুনীল শুভ রায় এক বিবৃতিতে বলেন, একটি পরিবারের চারজন মানুষকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুলিশ ইতোমধ্যে দু’জনকে গ্রেপ্তার করেছে। তবে পুরো ঘটনার সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের এখনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তাই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চূড়ান্তভাবে দায়ী করার আগে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত জরুরি।
নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির সামনেই দুটি মুদি দোকান ও একটি মন্দির রয়েছে। তাঁর গ্রামে প্রায় ২৫০টি পরিবারে আনুমানিক ৭০০ মানুষের বসবাস। এমন একটি জনবহুল এলাকায় এত বড় হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো- অথচ স্থানীয়ভাবে কেউ বিষয়টি জানতে পারল না-এটি তদন্ত করে দেখা অত্যন্ত জরুরি।
স্থানীয় সূত্রে আরও জানা যাচ্ছে, ঘটনার আগে গণপতি চক্রবর্তীর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। এই তথ্য সত্য কি না এবং এর সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে।
এছাড়া হত্যাকাণ্ডের পরদিন পর্যন্ত হত্যাকারীরা কীভাবে সেখানে অবস্থান করল, কীভাবে বাড়িতে প্রবেশ ও বের হলো, বাড়ির বিদ্যুৎ সংযোগ কে বিচ্ছিন্ন করল এবং বাইরে থেকে তালা লাগানোর বিষয়টি কীভাবে ঘটল-এসব প্রশ্নেরও সুস্পষ্ট উত্তর প্রয়োজন।
সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, লাশ উদ্ধারের রাতে ঘটনাস্থলে থাকা তদন্তকারী প্রশাসনের একজন কর্মকর্তার পরনে থাকা শার্ট পরবর্তীতে কীভাবে একজন আসামির গায়ে দেখা গেল-এমন অভিযোগ বা তথ্য সত্য হলে তারও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। ঘটনাস্থলের আলামত, পোশাক, ফরেনসিক প্রমাণ ও প্রত্যেক আসামির বক্তব্য যথাযথভাবে যাচাই করতে হবে।
বাংলাদেশ হিন্দু মহাসভা মনে করে, শুধু দু’জনকে গ্রেপ্তার করলেই তদন্ত শেষ হয়ে যায় না। প্রকৃত হত্যাকারী, সহযোগী ও নেপথ্যের পরিকল্পনাকারী কেউ থাকলে তাদের প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
আমরা কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি কিংবা সাজানো মামলার শিকার করার পক্ষে নই। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের আড়াল করে দায়সারা তদন্তও মেনে নেওয়া হবে না।
আমরা ‘২য় জজ মিয়া’ ধরনের তদন্ত চাই না। আমরা চাই প্রকৃত সত্য উদঘাটন, প্রকৃত আসামিদের গ্রেপ্তার এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার।
নিহত চারজনের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।