সিলেটের জৈন্তাপুরে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে নিজ বিদ্যালয়ের ১৭ বছর বয়সী এক এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম সাইফুল ইসলাম। তিনি স্থানীয় ‘ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়’-এর ল্যাব সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম বিদ্যালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থী সাদিয়া আক্তারকে (১৭) বাড়িতে গিয়ে নিয়মিত প্রাইভেট পড়াতেন। দীর্ঘদিনের এ যোগাযোগের সুযোগে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি সম্প্রতি ছাত্রীর পরিবার টের পেলে এ সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং পরিবারে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরিবারের এমন বাধার মুখে গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) ভোরের দিকে সাইফুল ইসলাম ওই শিক্ষার্থীকে নিয়ে আত্মগোপন করেন। সকালে পরিবারের সদস্যরা মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে জানতে পারেন ল্যাব সহকারী সাইফুলের সঙ্গেই সে বাড়ি ছেড়েছে।
এ ঘটনার পর ভুক্তভোগী ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জৈন্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অপহৃত বা আত্মগোপনে থাকা ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্ত সাইফুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, একজন শিক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় এমন অনৈতিক ও নিন্দনীয় কর্মকাণ্ডে ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকমহল। তারা অবিলম্বে অভিযুক্ত সাইফুল ইসলামের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।







