, ,

ফেনী মহিপাল ফ্লাইওভারের নিচে দখলের মহোৎসব

নিউজটি শেয়ার করুন

দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত ও জনবহুল জেলা ফেনী। এই জেলার সদরের চৌমুহনী এলাকা হল মহিপাল। মহিপালের এই পয়েন্টে যথাক্রমে ঢাকা -চট্টগ্রাম বিশ্বরোড ও ফেনী নোয়াখালী আঞ্চলিক সড়ক আড়াআড়ি ভাবে চলে গেছে। বিশেষ করে ঢাকা- চট্টগ্রাম সহ দুরপাল্লার গাড়ী চলাচল এবং পথচারীদের চলাচলের স্বার্থে এই মহিপালে ফ্লাইওভারটি নির্মাণ করা হয়। এই ফ্লাইওভারটি গাড়ির যানজট কমাতে ও সাধারণ পথচারীদের জন্য বিশেষ সুবিধার্থে নির্মাণ করা হলেও এর সুবিধা ভোগ করতে পারছেনা গাড়ি চালক ও সাধারণ পথচারীরা। এই মহিপাল দিয়ে ঢাকা-চট্টগ্রাম, নোয়াখালী -ফেনী ও ফেনী জেলাধীন বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে ফেনীতে । পাশাপাশি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ দুরপাল্লার যানবাহনের আনাগোনায় প্রতিদিন প্রতিক্ষন মুখরিত থাকে এই এলাকা। ফ্লাইওভারের নীচ দিয়ে পথচারীদের নিরাপদ পারাপার সহ স্থানীয় গাড়ী চলাচলের জন্য নির্মিত হয়েছে এই অবকাঠামোটি।
সরজমিনে দেখা যায়, ফ্লাইওভারের নীচের অংশ বর্তমানে একটা জনাকীর্ণ অবৈধ বাজারে পরিনত হয়েছে। ফ্লাইওভারের নীচ দিয়ে পথচারী ও স্থানীয় যানবাহন চলাচলের জন্য নির্দিষ্ট থাকলে ও সেখানে গড়ে উঠেছে সারি সারি বিভিন্ন রকমের দোকান।অস্থায়ী আনারস,আখ, কাপড়,পান, কসমেটিক্স হারবাল সহ হরেক রকমের দোকান । আবার কোথাও বিভিন্ন জিনিস স্তুপ করে রেখে জায়গাটি কার্যত দখল করে রাখা হয়েছে। বর্তমানে ফ্লাইওভারের নীচে শতাধিকের ও বেশি দোকান গড়ে উঠেছে। এছাড়াও সিএনজি চালিত অটোরিকশা, ইজিবাইক ও পিক আপ মালিকরা এলাকাটিকে স্হায়ী স্ট্যান্ড বানিয়ে ফেলেছে।
স্থানীয়দের অভিযোগ,এই বিশৃঙ্খল জটলাকে কাজে লাগিয়ে এখানে মাদক বেচাকেনা ও চলছে। আবার ফ্লাইওভারের নীচে নির্জন জায়গায় মাদকসেবী সহ ভবঘুরে মানুষের আড্ডা বসছে প্রতিনিয়ত।
অবৈধ দোকান , জটলা ও যত্রতত্র গাড়ী পার্কিংয়ের কারনে এই ফ্লাইওভারের সুফল মিলছে না। ফ্লাইওভারের নীচ দিয়ে চলাচল করা স্হানীয় যাত্রীবাহী গাড়ি এপাশ থেকে ওপাশে পার হতে গিয়ে জায়গা পাচ্ছেনা।
এই বিশৃঙ্খলার কারনে প্রায়শই চালকদের সাথে স্থানীয় অবৈধ ব্যবসায়ীদের বাকবিতন্ডা নিত্যদিনের চিত্রে পরিনত হয়েছে ।নকশাগত সৌন্দর্য ও আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ অবকাঠামোটির সুফল থেকে বঞ্চিত হচ্ছে।
যাতায়াতকারী পথচারীরা জানায়, দখলদারিত্বের কারনে নীচে হাঁটার জন্য নূন্যতম জায়গা থাকেনা। ফলে এই ফ্লাইওভারের নীচে ও আশেপাশে যানজটের সৃষ্টি হচ্ছে। যা যাতায়াতে বিলম্বের পাশাপাশি প্রাণঘাতী দূর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। কুমিল্লা থেকে ফেনীতে আসা সবজীবাহী ট্রাকচালক সবুজ জানান, এত টাকা খরচ করে ফ্লাইওভার বানানো হলো, এবং নীচে যদি অটোরিকশা স্ট্যান্ড আর অবৈধ দোকান বসানো হলে সাধারণ পথচারীদের আর কি উপকার হলো?
এ প্রেক্ষিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে সচেতন এলাকাবাসীরা জানায়, নিয়মিত অভিযান ও উপযুক্ত তদারকির মাধ্যমে ফেনীর মহিপালে ফ্লাইওভারটি নিচের অংশ দ্রূত দখলমুক্ত করে সাধারণ পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা জরুরি।