ঢেউ
হাওরিয়া ভাটিয়ালি লোকগীতি
কথা: মুন্সী নাহীদ ফরহাদ রাজু
♪ মুখড়া ♪
করস হিজল গাছর গুড়ায়, আঁছড়া মারে ঢেউ,
কতদিনর আশায় বইয়া আছি, আইলো না তো কেউ।
আষাঢ় গেইল, শ্রাবণ গেইল, ভাদ্রও আইল পার,
তুমার লাইগা কান্দতে কান্দতে, ভইরা গেল বুকর ভার।
♪ অন্তরা – ১ ♪
ডাহুক ডাকে হাওরপাড়ে, বউ কথা কও সুর,
তুমার কথা মনে পড়লেই, জাগে বুকত নূর।
কালা মেঘে ঢাইকা যায় রে, চান্দর রূপের আলো,
তুমি বিনে এই জীবনডা লাগে বড়ই কালো।
♪ কোরাস ♪
ও সজনী, ফিরা আইও, হিজল গাছর তলে,
তুমার লাইগা চোখর পানি মিশে হাওরর জলে।
একবার আইয়া কইও শুধু—”আছি তুমার পাশে”,
এই কথাডাই বাঁচাইবো মোর জীবন শেষ নিশ্বাসে।
♪ অন্তরা –২ ♪
নাওর মাঝি ভাটিয়ালি গায়, সুর যায় ভাসিয়া,
তুমার নামডা ডাকি ডাকি গলা যায় ভাঙিয়া।
দখিন হাওয়া খবর লইয়া আইলো না যে আর,
কোন দ্যাশে রইলা সজনী, কার লাগি এড়াইলা পার?
♪ সেতুবন্ধ ♪
যদি কোনোদিন মনডা তুমার ফিরা আইতে চায়,
হিজল গাছর ছায়াত আইসো, আমি বইয়া রইমু তায়।
নদীর স্রোত থামতে পারে, থামব না এ প্রাণ,
তুমার লাইগাই গাইয়া যামু এই বিরহর গান।
♪ সমাপ্তি ♪
করস হিজল গাছর গুড়ায়, আঁছড়া মারে ঢেউ,
সারা জীবন আশায় রইলাম, আইলো না তো কেউ।
মুন্সী নাহীদ ফরহাদ রাজুর গানের সুরে টান,
হাওরর জলে ভাসিয়া রইব এই বিরহর গান।







