টেকসই নগর উন্নয়ন ও চলমান প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, বিভিন্ন নির্মাণকাজ পরিদর্শন।
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর রিভিউ মিশনের সঙ্গে স্পেশাল টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলছিছি) সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় টেকসই নগর উন্নয়ন, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাটি অনুষ্ঠিত হয় লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (LGED)-এর ইমপ্রুডিং আরবাইন গভারমেন্টস এবং ইনফাসট্রাকচার প্রোগ্রাম (IUGIP)-এর আওতায়। এতে এএফডি ও এডিবির প্রতিনিধিদল, এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, কুলাউড়া পৌরসভার প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
ফরাসি উন্নয়ন সংস্থা (AFD)-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা এএফডি ও এডিবির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে আরও ছিলেন এএফডির প্রোগ্রাম টিম লিডার ও মিশন লিডার অমিত দত্ত রায়, নগর পরিচালন ব্যবস্থা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের (LGED, ঢাকা) প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ এবং অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুসতফা মুরসেদ।
প্রতিনিধিদলকে স্বাগত জানান মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তার। এ সময় উপজেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় কুলাউড়া পৌরসভার অতীত ও বর্তমান উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা কুলাউড়া পৌরসভাকে একটি আধুনিক, টেকসই ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের লক্ষ্যে চলমান প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নাগরিক সেবা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভা শেষে এডিবি ও এএফডির প্রতিনিধিদল কুলাউড়া পৌর এলাকার চলমান ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তারা প্রকল্পগুলোর অগ্রগতি ও নির্মাণমান সম্পর্কে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান নিশ্চিত করে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে প্রতিনিধিদল কুলাউড়া পৌরসভার চলমান উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পৌরসভার টেকসই উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।







