বাঁশখালীর চারটি ওয়ার্ডে ১,১০০ কার্ডধারী পরিবারসহ অসংখ্য ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম, বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে মরহুম আজরুপ মিয়া ট্রাস্ট। প্রবাসী সমাজসেবক নাছির-এর সার্বিক সহযোগিতা ও আন্তরিক উদ্যোগে ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হয়েছে।
ট্রাস্ট সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার দুটি ওয়ার্ড, শীলকূপ ইউনিয়নের একটি ওয়ার্ড এবং সরল ইউনিয়নের একটি ওয়ার্ডসহ মোট চারটি ওয়ার্ডে ১,১০০ জন কার্ডধারী পরিবারের পাশাপাশি আরও অনেক বন্যাদুর্গত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়। বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল নগদ অর্থ, খাদ্যসামগ্রী এবং জরুরি প্রয়োজনীয় উপকরণ।
সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর বহু পরিবারের ঘরবাড়ি, সহায়-সম্বল ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন কঠিন সময়ে প্রবাসে অবস্থান করেও এলাকার মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসেন প্রবাসী নাছির। তাঁর উদ্যোগে পরিচালিত এই ত্রাণ কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এলাকাবাসী জানান, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচয়। মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের মাধ্যমে প্রবাসী নাছির যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজের বিত্তবান ও প্রবাসীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
সংশ্লিষ্টরা বলেন, শুধু ত্রাণ বিতরণ নয়, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে থাকার অঙ্গীকারই এই উদ্যোগের মূল লক্ষ্য। মানবিক এই সহায়তা বন্যাকবলিত মানুষের মনে নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়েছে।
স্থানীয় সচেতন মহল মরহুম আজরুপ মিয়া ট্রাস্ট এবং প্রবাসী নাছিরের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রবাসীরা যদি এভাবে মানবিক দায়িত্ব পালন করেন, তবে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
সবশেষে সকলেই মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, তিনি যেন মরহুম আজরুপ মিয়া ট্রাস্টের সকল দাতা, শুভানুধ্যায়ী এবং বিশেষ করে প্রবাসী নাছিরকে উত্তম প্রতিদান দান করেন এবং বন্যাকবলিত মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন। আমীন।






