, ,

কুমিল্লার আদর্শ সদরে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থায় কৃষি মন্ত্রীর উদ্যোগ :

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির ফলে দেখা দেওয়া তীব্র সুপেয় পানি ও উন্নত স্যানিটেশন সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে সাবমার্সিবল পাম্পযুক্ত নলকূপ, পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ, টুইন-পিট ল্যাট্রিন, কমিউনিটি টয়লেট ও পাবলিক টয়লেট বরাদ্দের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে আধা-সরকারি পত্র (ডিডিও পত্র) দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ গত ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর এই চিঠিটি প্রেরণ করেন।

সংকটের চিত্র ও পটভূমি
চিঠিতে জানানো হয়, কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। উপজেলার অধিকাংশ ইউনিয়নে নিরাপদ পানির উৎস সীমিত। বর্তমানে বিদ্যমান অনেক নলকূপেই আয়রন, আর্সেনিক বা কারিগরি ত্রুটির কারণে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে সাধারণ মানুষ—বিশেষ করে নারী, শিশু ও বয়স্করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।

এছাড়া ২০২৪ সালের আগস্ট মাসে সংঘটিত ভয়াবহ বন্যায় উপজেলার অসংখ্য ব্যক্তিগত নলকূপ ক্ষতিগ্রস্ত হয়, যা সংকটকে আরও জটিল করে তোলে। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর প্রায় ১২ থেকে ১৫ মিটার নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপগুলো থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। একই সাথে এলাকায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও জনসমাগমপূর্ণ স্থানে প্রয়োজনীয় টয়লেটের তীব্র ঘাটতি রয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে চিঠিতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। চিঠিতে উল্লেখিত প্রস্তাবনাগুলো হলো:

সুপেয় পানির ব্যবস্থা: সাবমার্সিবল পাম্পযুক্ত নলকূপ স্থাপন এবং ১০টি পরিবারের সমন্বয়ে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা।

কমিউনিটি বেজড পানির উৎস: স্থানীয় মানুষের চাহিদানুযায়ী কমিউনিটি বেজড নলকূপ বরাদ্দ।

স্বাস্থ্যসম্মত স্যানিটেশন: দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে টুইন-পিট ল্যাট্রিন বিতরণ।

গণশৌচাগার: জনসমাগম ও গুরুত্বপূর্ণ স্থানে কমিউনিটি টয়লেট ও পাবলিক টয়লেট নির্মাণ।

জনস্বার্থে ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে চিঠিতে এলাকার কিছু মানুষের তালিকা সংযুক্ত করে সেই মোতাবেক এসব সুবিধা জরুরি ভিত্তিতে দ্রুত বরাদ্দের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন কৃষি মন্ত্রী আমিনুর রশিদ ইয়াছিন।