রাসেল আহমদ: বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধীদের মধ্যে দৃশ্যত কিছু কিছু ইস্যুতে মতবিরোধ বা দূরত্ব দেখা গেলেও শেখ হাসিনা প্রশ্নে তারা যে ইস্পাত-দৃঢ় ঐক্যবদ্ধ তা যেমন বুঝা যায়, তেমনি সম্প্রতি তার দেশে ফেরার ঘোষনায় সরকারী দলও সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধীদলগুলো সম্মিলিতভাবে যে প্রতিক্রিয়া দেখাচ্ছেন তা থেকে তাদের মধ্যে গভীর উদ্বেগ বা আতংকিত বোধের প্রকাশ পায়।
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সে প্রকাশিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সাক্ষাৎকারটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তুমুল ঝড় তুলেছে। ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম তিনি দেশে ফেরার একটি সম্ভাব্য সময়সীমা- আগামী ডিসেম্বর মাসের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। এই সাক্ষাৎকার প্রকাশের পর স্বভাবতই জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এটি প্রধান সংবাদের রূপ নিয়েছে এবং শুরু হয়েছে এর চুলচেরা বিশ্লেষণ।
তবে খবরটি প্রকাশের ক্ষেত্রে দেশের কয়েকটি প্রথম সারির জাতীয় দৈনিক প্রথমআলো, ডেইলি স্টার ও মানব জমিন পত্রিকার দৃষ্টিভঙ্গি ও ছবির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। রয়টার্সের সূত্র ধরে খবর প্রকাশ করলেও, মূল প্রতিবেদনের নিরপেক্ষ ভিজ্যুয়াল উপাদান বাদ দিয়ে যেভাবে ছবি নির্বাচন করা হয়েছে, তাতে পেশাদারিত্বের চেয়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক অসৌজন্যতার বহিঃপ্রকাশ ঘটেছে বেশি। কতিপয় গণমাধ্যমের মনস্তাত্ত্বিক ভীতিই যে অপেশাদার ক্ষোভের কারণ তা অবশ্য অজানা নয়। বিগত রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে এসব পত্রিকার ভূমিকা এখন আর গোপন কোনো বিষয় নয়। তবে পত্রিকার নীতিগত অবস্থান যা-ই হোক না কেন, শেখ হাসিনার এই সাম্প্রতিক সাক্ষাৎকারটি যে বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের এক্সটেনশন বর্তমান বিএনপি, জামায়াতের সরকারের জন্য একটি বড় রাজনৈতিক মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ, তা অস্বীকার করার উপায় নেই।
প্রায় এক ঘণ্টাব্যাপী টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা অত্যন্ত স্পষ্ট ভাষায় তাঁর দেশে ফেরার পরিকল্পনা ও ঝুঁকির কথা বলেছেন। তিনি বলেছেন, “দেশে ফিরলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যা পর্যন্ত করতে পারে।” তা সত্ত্বেও নিজের মাটিতে ফেরার আকুলতা প্রকাশ করে তিনি জানিয়েছেন, তাঁর দলের নেতা-কর্মীরা দেশে যে ভয়াবহ দমন-পীড়নের শিকার হচ্ছেন, তার মুখে তিনি দূরে থাকতে পারেন না।
এই সাক্ষাৎকারের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো বিচার ব্যবস্থার ওপর তাঁর ভরসা রাখার ঘোষণা এবং একই সঙ্গে সেটিকে একটি ‘পরীক্ষা’ হিসেবে দাঁড়ানো। তিনি বলেছেন, “আমি বিচারব্যবস্থার ওপর বিশ্বাস রাখি। বিচারিক কার্যক্রম শুরু হলে মানুষ নিজেরাই বুঝতে পারবে আদালতের প্রক্রিয়া কতটা প্রহসনমূলক। আমি সেটাই প্রমাণ করতে চাই।”
এখানেই মূলত একটি বড় মনস্তাত্ত্বিক খেলা রয়েছে।২৪ এর আগষ্টে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলকারী অন্তর্বর্তীকালীন সরকারের শুরু থেকে প্রায় দুই বছরে দেশের বিচারিক আদালতগুলোর ভূমিকা, রাজনৈতিক মামলা ও নতুন রাজনৈতিক বাস্তবতার যে চিত্র তৈরি হয়েছে, তার পটভূমিতে দাঁড়িয়েও শেখ হাসিনা কেন আদালতের মুখোমুখি হতে চান? তিনি কি সত্যিই বর্তমান বিচার ব্যবস্থার নিরপেক্ষতায় বিশ্বাস করেন, নাকি এর আড়ালে অন্য কোনো সমীকরণ রয়েছে-তা আপাতত একটি গভীর রহস্য। তবে তিনি যে আইনি লড়াইয়ের মঞ্চটিকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান, তা পরিষ্কার।
শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণায় অনেকেই পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর করুণ পরিণতির ইতিহাস টেনে আনছেন। সামরিক জান্তা জেনারেল জিয়া-উল-হক যেভাবে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ভুট্টোকে ফাঁসি দিয়েছিলেন, বাংলাদেশের ক্ষেত্রেও তেমনটাই ঘটবে বলে অনেকে সরলীকরণ করছেন। তবে পাকিস্তানের ভুট্টোর ফাঁসি আর শেখ হাসিনাকে প্রহসনের বিচারে শাস্তি দেওয়ার বিষয়টি একই সমান্তরালে ও সরলরেখায় দেখলে একটি বড় রাজনৈতিক ভুল হতে পারে।
বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক ক্যানভাস সম্পূর্ণ ভিন্ন। গত ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশজুড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর লুঠপাট, ব্যবসা-বাণিজ্য দখল, জেল-জুলুম, পুলিশী হয়রানি, মবসন্ত্রাসের মাধ্যমে কোণঠাসা করে রাখার বিষয়টি যেমন সত্য, তেমনই ভুল অনুমান হবে যদি কেউ ভাবেন- শেখ হাসিনাকে অন্যায়ভাবে প্রহসনের বিচারে মৃত্যদণ্ড প্রদান বা যেকোনো ভাবে হত্যাচেষ্ঠা করা হলে দেশের অভ্যন্তরে নির্মম নিপীড়নের মাঝে থাকা তৃণমূলের কোটি কোটি নেতা-কর্মী হয়তো তা নীরবে মেনে নেবেনা।
চলতি আলাপে আওয়ামী লীগের ‘তৃণমূল নেতা-কর্মী’ শব্দটি বিশেষ গুরুত্ব বহন করে। আওয়ামী লীগের গত দেড় দশকের শাসনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো- দলটির রাজনৈতিক ক্ষতির কারণ যে সকল রাজদূর্ণীতির বরপুত্র ও সুবিধাভোগী উচ্চপর্যায়ের নেতারা স্বদেশ মাতৃভূমিকে চরম অরক্ষিত অবস্থায় ফেলে নিজেরা স্বার্থপরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কোটি কোটি ‘তৃণমূল নেতা-কর্মী’কে বিপদে ফেলে বিলাসী নির্বাসনে যাওয়া এই সুবিধাবাদীরা হয়তো আগামীর রাজনীতির মাঠ থেকে চিরতরে ছিটকে পড়বেন, কিন্তু দেশের মাটি ও মানুষের মাঝেই মিশে থাকা তৃণমূলের যে ত্যাগী কর্মীবাহিনী, তারা দলের মূল কাণ্ডারি হয়ে মাঠেই রয়ে গেছেন। শেখ হাসিনার এই ডিসেম্বর বার্তা মূলত সেই আদর্শিক তৃণমূলকে পুনর্গঠিত করার এবং তাঁদের মনে জেদ ও সাহস জোগানোর একটি সুদূরপ্রসারী রাজনৈতিক কৌশল। যেন তারা যে কোনোও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারেন।
সাক্ষাৎকারের একেবারে শেষভাগে শেখ হাসিনা যে কথাটি বলেছেন, সেটিই মূলত এই পুরো আলোচনার নির্যাস এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশ। তিনি বলেছেন:
“কোনো সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ভুল হতেই পারে। কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু একটি সরকারের ভালো-মন্দ, সঠিক-ভুল বিচার করার অধিকার জনগণের। সেই বিচার আমি জনগণের ওপরই ছেড়ে দিচ্ছি।”
এই একটি বক্তব্যের মাধ্যমে তিনি অতীতের সব ভুলভ্রান্তিকে এক প্রকার স্বীকার করে নিয়ে সেটির চূড়ান্ত বিচারের ভার জনগণের আদালতের ওপর সঁপে দিয়েছেন। অত্যন্ত সুকৌশলে তিনি তাঁর রাজনৈতিক অবস্থানকে আইনি কাঠগড়া থেকে সরিয়ে জনগণের ভোটের বাক্সের দিকে ঘুরিয়ে দিয়েছেন। এটি কোনো আইনি আত্মপক্ষ সমর্থন নয়, বরং এটি অত্যন্ত খাঁটি এবং জাঁদরেল একটি নির্বাচনী বক্তব্য। আগামী সাধারণ নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে যে রাজনৈতিক ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হবে, শেখ হাসিনা এখনই তার মূল সুরটি বেঁধে দিলেন।
তবে এই বিশ্লেষণে শেষ কথা হলো,
শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাটি নিছক কোনো আবেগীয় সিদ্ধান্ত বা কথার কথা নয়। এটি একটি সুদূরপ্রসারী রাজনৈতিক চাল। সুবিধাবাদী নেতাদের মতো তিনি অন্য কোনো শক্তির ঘাড়ে চড়ে কিংবা পেছনের দরজা দিয়ে ফিরতে চান না; যেভাবে তিনি আকস্মিকভাবে দৃশ্যপট থেকে সরে গিয়েছিলেন, হয়তো ঠিক সেভাবেই প্রকাশ্যে, বুক চিতিয়ে রাজনৈতিক মঞ্চে ফিরতে চান। আর এ থেকেই অনুমিত হয় তিনি আসছেন এবং স্বাভাবিকভাবে রাজনীতিতে ফিরছেন।
আমরা জানি না, ২৪-এর ৫ আগস্ট তাঁকে বহনকারী বিশেষ বিমানের ক্রুদের বর্তমান স্ট্যাটাস কী? তবে অনুমান করা যায় তিনি যেভাবে গিয়েছেন হয়ত সেভাবেই ফিরবেন।
শেখ হাসিনা আসছেন এবং স্বাভাবিক রাজনীতিতেই ফেরার প্রস্তুতি নিচ্ছেন-এই বার্তাটি এখন প্রতিপক্ষের শিবিরে কতটা উদ্বেগের জন্ম দেয় এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতিকে কোন মেরুকরণের দিকে নিয়ে যায়, তা দেখার জন্য আমাদের আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এ কথা নিশ্চিত, এই ফেরার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দাবার বোর্ডে তিনি চালটি চাললেন, যার পাল্টা চালের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা।
লেখক: সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক।
তারিখ : ১৬ জুলাই ২০২৬ খ্রীস্টাব্দ







