নিজস্ব প্রতিবেদক: চীনের ঐতিহ্যবাহী ও খ্যাতনামা হোহাই বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে (অর্থনীতি-কেন্দ্রিক) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন বাংলাদেশের কৃতি শিক্ষার্থী রুবাইয়াত শবনম অনিকা। গত ২৩ জুন ২০২৬, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মানজনক ডিগ্রি তুলে দেওয়া হয়।
অনিকার এই গৌরবময় অর্জনে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং একাগ্র সাধনার মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল সাফল্য এনে দিয়েছেন।
শিক্ষাজীবনে মেধা ও মননের স্বাক্ষর রেখে আসা অনিকার গবেষণার বিষয় ছিল— ‘বাংলাদেশের বাণিজ্যের ওপর বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রভাব’। তাঁর গবেষণায় উপাত্তভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্য বৃদ্ধির প্রধান চালিকাশক্তিগুলো চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতার গতিপ্রকৃতি এবং নীতিনির্ধারণী প্রভাব নিয়ে তিনি গভীর ও তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ উপস্থাপন করেছেন। গবেষণাটি একাডেমিক মহলেও প্রশংসিত হয়েছে।
উচ্চশিক্ষার জন্য চীনে যাওয়ার আগে রুবাইয়াত শবনম অনিকা রাজধানী ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কৃতিত্বের সঙ্গে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। সেখানেও তিনি তাঁর মেধা ও নেতৃত্বের গুণাবলির পরিচয় দিয়েছিলেন।
উল্লেখ্য, অনিকার বাবা খ্যাতিমান শিশুসাহিত্যিক ও লেখক হুমায়ূন কবীর ঢালী এবং মা বিশিষ্ট প্রকাশক গুলশান আরা বাবলী।
মেয়ের এই অসামান্য অর্জনে উচ্ছ্বসিত বাবা-মা বলেন, “এটি আমাদের জীবনের অন্যতম আনন্দের ও গর্বের মুহূর্ত। অনিকার নিষ্ঠা, পরিশ্রম ও আত্মবিশ্বাস আজ তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। আমরা তার আগামী পথচলার জন্য সবার দোয়া ও শুভকামনা কামনা করছি।”
আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে উচ্চতর শিক্ষা এবং গবেষণালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে রুবাইয়াত শবনম অনিকা ভবিষ্যতে বাংলাদেশ ও বৈশ্বিক অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষাবিদ ও সংশ্লিষ্টরা।







