নিজস্ব প্রতিবেদক: “আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক পথশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পথশিশুদের মাঝে উপহার সামগ্রী ও একবেলা খাবার বিতরণ এবং গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মানবিক সংগঠন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুর মাঝে খাবার ও প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়। একইসঙ্গে সমাজে মানবিক অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন আমিনের সভাপতিত্বে এবং তরুণ সংগঠক তসলিম হাসান হৃদয় ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো. হাবিবুন নবী সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরুন নেসা, সাবেক অতিরিক্ত সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, কিংবদন্তী অভিনেতা ওমর সানি, বরেণ্য সংগীতশিল্পী রবি চৌধুরী, অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষাণ, অভিনেতা মুকিত জাকারিয়া, জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, অভিনেত্রী তাসনিয়া তানহাসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবিবুন নবী সোহেল বলেন, “পথশিশুরা আমাদেরই ভাইবোন। তাদের প্রতি দায়িত্ববোধ থেকে আমাদের এগিয়ে আসতে হবে। আমরা যদি তাদের পাশে দাঁড়াই, তাহলে তারাও একদিন সমাজের সম্পদে পরিণত হবে।”
সভাপতি মহিউদ্দিন আমিন বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবসময় মানবিক কাজে নিয়োজিত থেকে সমাজের অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”
অনুষ্ঠানে মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান এবং শেরে বাংলা পথকলি স্কুলের উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসাসহ মোট ১০ জন গুণীজনকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, “সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ায়, তাহলে এই শিশুদের ভবিষ্যৎ আলোকিত হবে এবং একটি মানবিক সমাজ গড়ে উঠবে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা পথশিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

