, ,

হত্যা মামলাসহ একাধিক মামলায় সাবেক ডিজিএফআই প্রধানসহ দুই কর্মকর্তার আবারও ১ দিনের রিমান্ড

নিউজটি শেয়ার করুন

রাজধানীর পল্টন ও মিরপুর থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলাসহ একাধিক মামলায় সাবেক ডিজিএফআই মহাপরিচালক শেখ মামুন খালেদ এবং সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে আবারও ১ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
‎
‎গত ৯ এপ্রিল ২০২৬ পল্টন থানায় দায়ের করা মকবুল হোসেন হত্যা মামলায় শেখ মামুন খালেদকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। এর আগে মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় তিনি তিন দফায় মোট ১৪ দিন রিমান্ডে ছিলেন। সব মিলিয়ে বিভিন্ন মামলায় এখন পর্যন্ত তাকে মোট ১৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
‎
‎অন্যদিকে, একই মামলায় সাবেক ডিজিএফআই পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে ৮ এপ্রিল ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। এর আগে ৫ এপ্রিল তাকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তার বিরুদ্ধেও পল্টন ও মিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।
‎
‎উল্লেখ্য, ২০২২ সালের ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রীসহ ২৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
‎
‎মামলার অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা তৎকালীন সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে রাজনৈতিক দমন-পীড়ন, নির্যাতন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে রিমান্ডে থাকা দুই সাবেক সামরিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
‎
‎তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রিমান্ডে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করেই মামলার পরবর্তী অগ্রগতি নির্ধারিত হবে। প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে আরও জিজ্ঞাসাবাদের আবেদনও করা হতে পারে।