, ,

রায়পুরে জমি দখলকে কেন্দ্র করে হামলা: ১ জন আহত, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার পূর্বলাছ গ্রামের ১নং ওয়ার্ডে কোরবান আলী ছৈয়াল বাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোঃ মনির হোসেন (পেশায় ভ্যানগাড়ী চালক)-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মনির হোসেনের বসতঘরের উত্তর পার্শ্ববর্তী জমি নিয়ে দীর্ঘদিন ধরে হারুন অর রশীদের সঙ্গে মালিকানা বিরোধ চলছিল। বিষয়টি পৌরসভায় অভিযোগ আকারে উপস্থাপন করা হলে, সংশ্লিষ্ট পক্ষকে একাধিকবার ডাকা হলেও বিবাদী হারুন গং উপস্থিত না হয়ে সময়ক্ষেপণ করে।
এদিকে, পৌরসভার অনুমতি ব্যতীত এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও হারুন অর রশীদ ও তার ছেলে স্বপন জোরপূর্বক ফাউন্ডেশন নির্মাণের মাধ্যমে উক্ত জমিতে ভবন নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে বলে অভিযোগ উঠেছে।
গত দুই দিন ধরে নির্মাণ কাজ চলমান থাকায় মনির হোসেন বাধা দিতে গেলে, অভিযুক্ত স্বপন তার হাতে থাকা রড দিয়ে মনিরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মনিরের শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথা ফেটে যায়। পরে হারুন গংদের আরও কয়েকজন মিলে তাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, এ ঘটনার পেছনে একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম (পৌর ৪নং ওয়ার্ড, আলাবক্স বেপারী বাড়ি)-এর ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মনির হোসেন দাবি করেন, বিরোধপূর্ণ জমিটির প্রকৃত মালিক তিনি এবং এ বিষয়ে ইতোমধ্যে আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে তদন্ত ও বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় মনির হোসেনের ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, রায়পুরের সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এ ব্যাপারে স্বপনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।