বাড়ির সিঁড়ির মাথায় দাঁড়িয়ে ছিলেন তিনি—মায়ের চোখে অদ্ভুত এক শঙ্কা।
নীচে, লাল গাড়ির পাশে দাঁড়িয়ে ছিল দু’জন মানুষ—একটি দম্পতি, কিন্তু আজ যেনো তারা যাত্রা করছে অজানার দিকে।
বের হওয়ার আগে নারীটি একবার ঘুরে তাকালেন—
কাজের নির্দেশ দিলেন, সন্তানের দিকে তাকালেন,
সবকিছু গুছিয়ে দিয়ে যেনো নিজেকেও শক্ত করে নিলেন।
তারপর গাড়ি ছুটলো।
সেদিন তারা জানতো না—
একটি দরজা খুলতে যাচ্ছে, আরেকটি বন্ধ হতে।
লোহার গরাদের ভেতরে দাঁড়িয়ে ছিল তারা দু’জন।
চারপাশে অচেনা মানুষ, অচেনা শব্দ,
কিন্তু তাদের চোখে ছিলো একসাথে থাকার নিঃশব্দ এক প্রতিজ্ঞা।
হঠাৎ বিচারকের কণ্ঠ—
“একজন বাইরে যাবেন, একজন ভেতরে থাকবেন।”
নারীটি বুঝতে পারেননি “বাইরে” মানে কী—
তিনি শুধু জানতেন,
“একসাথে এসেছি, একসাথেই থাকবো।”
তাই তিনি বলেছিলেন—
“আমি বের হবো না।”
এজলাসের লোকজন হাসছিলো সাথে ভীতও হচ্ছিল—
“মহিলা কি বোকা!”কি বলে,ভেতরে থাকবে।
মহিলা তখন বোঝেনি ভেতরে থাকা আর বাইরে থাকার অর্থ।
কিন্তু সময়, নীরবে, নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়।
শেষ পর্যন্ত তিনি বাইরে এলেন—
আর ভেতরে রয়ে গেলো তার প্রিয় মানুষটি।
এরপর শুরু হলো দ্বিতীয় যুদ্ধ—
কোর্ট, থানা, উকিল, দরজার পর দরজা।
প্রতিটি দিন ছিলো এক একটি পাহাড়,
প্রতিটি রাত—একটি দীর্ঘ অপেক্ষা।
২১ দিন পরে, এক সন্ধ্যায়—
অন্ধকারের ভেতর থেকে ফিরে এলো মানুষটি।
ঘর হলো আলোকিত।
তখন মনে হয়েছিলো—
সব দরজা আবার খুলে গেছেক
কিন্তু জীবন তো কখনো একরেখা পথে হাঁটে না…
দিনটি ছিলো ফাগুনের প্রথম দিন-
হলুদ রঙে রাঙা তিনটি মানুষ—
একটু হাসি, একটু ভালোবাসা, একটু জেদ।
নারীটি বলেছিলেন—
“ আমি বাসন্তি রং পরেছি তুমিও পরো”
পুরুষটি বললো” একটা পরলেই হয় ;
নারীটি আবার বললো ‘তা হবে কেন,তুমি তো আর পোষাক ছাড়া যাচ্ছো না! হলুদ রং হলে দোষ কি”
তারা গিয়েছিলো হসপিটালে —
কিন্তু সেদিনের সেই যাওয়া আর ফেরা এক হলো না।
হাসপাতালের সাদা দেয়াল,
অদ্ভুত এক গন্ধ,বিভিন্ন যন্ত্র,অক্সিজেন মাস্ক,বড় বড় পাইপ মুখে চারদিকে
এক অজানা ভয়।
সিসিইউ থেকে ডাকা হল-
একটি কাগজ এগিয়ে দেওয়া হলো—
পড়তে ইচ্ছে হলো না,নার্সরা মুখে বলছিলো কি লেখা আছে,মোবাইলে কাগজের লেখাগুলোর শুধু ছবি তুললো।
“সই করতে হবে।”
হাত কাঁপছিলো, গভীর আতঙ্ক চোখ-মুখে—
তবুও তিনি সই করলেন।
কারণ ভালোবাসা কখনো কখনো সাহস হয়ে যায়।
২২ ঘণ্টা পরে—
এক জোড়া চোখ খুললো,
একটি চেনা দৃষ্টি ফিরে এলো।
নারীটি তখন বুঝলেন—
সব দরজা বন্ধ হয় না।
কিছু দরজা মৃত্যুর কাছ থেকেও ফিরে আসে।
১৩ দিন পর, তিনি ফিরলেন বাড়িতে—
বসন্তদিন সাথে ভ্যালেন্টাইন উৎসব, মহিলা সাঁঝের আলোয় ফিরে নিজ আবাস ম্যাগনোলিয়াতে
ছোট্ট কণ্ঠে গভীর উৎকন্ঠা, জানতে চাইলো —
“পাপা কোথায়?”
তিনি একটু থামলেন…
তারপর বললেন—
“পাপা আসবে না… কবে আসবে, জানি না।”
এই কথার ভেতরে লুকিয়ে ছিলো
একটা ভাঙা বুক,
একটা অপেক্ষা,
আর এক সমুদ্র ভালোবাসা।
সময়ের পরতে পরতে—
দুটি দরজা আজও দাঁড়িয়ে আছে তার জীবনে।
একটি—লোহার গরাদের,
আরেকটি—হাসপাতালের সাদা দরজা।
দুটোই তাকে শিখিয়েছে—
ভালোবাসা মানে শুধু পাশে থাকা না,
ভালোবাসা মানে লড়াই করে ফিরিয়ে আনা।
শেষে নারীটি আয়নায় নিজের দিকে তাকিয়ে বুঝলেন—
তিনি শুধু একজন স্ত্রী নন,
তিনি একজন পথচিহ্ন—
যে ঝড় পেরিয়ে দাঁড়িয়ে থাকতে জানে।


