, ,

ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্যসহ গ্রেফতার ৫

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬ কোতোয়ালী মডেল থানার বড় বাজার ও পাটগুদাম এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে এসআই (নিঃ) মুকিত হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার বড় বাজার এলাকায় অভিযান চালান। এ সময় রাত ৯টা ১০ মিনিটে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন সানি চৌধুরী (২৮), তানভীর মাসুক খান (২৫) এবং সুব্রত কুমার সরকার ওরফে রনি (৩৫)। তাদের সবার বাড়ি ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায়।
অপরদিকে দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) যুবরাজ দাস সঙ্গীয় ফোর্সসহ বিকেল ৩টা ২৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেন। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৮৪ হাজার ৩০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন আলেয়া (৪৫) রাজশাহীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকার বাসিন্দা এবং আবু হুরাইরা (২৮) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার জগৎকুড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের এ ধরনের অভিযানে মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম আরও জোরদার হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি জনসাধারণের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।