জুলুম-নির্যাতন, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে ঢাকা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গাউসুল আজম মার্কেটের ব্যবসায়ী সাধারণ সম্পাদক জালাল আহমেদ জসিম ও তার স্ত্রী আসমা জাহান ফলি।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আকরাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, গাউসুল আজম মার্কেট দোকান মালিক ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড (রেজি. নং–১৪৭)-এর কতিপয় প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে মার্কেটে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউমার্কেট থানা আওয়ামী লীগের সক্রিয় সহযোগী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত মোতালেব মিয়া, তার ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আবু সাঈদ আকাশ, তার ভাতিজা আলাউদ্দিন এবং সাবেক নিউমার্কেট থানা যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণের মকবুল হোসেন সরদার—এই সংঘবদ্ধ চক্রটি গাউসুল আজম মার্কেটের ব্যবসায়ীদের ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, মার্কেটের বিদ্যুৎ বিল ও হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনায় অনিয়ম অবৈধভাবে দোকান বিক্রি ও মার্কেটের টাকা আত্মসাদের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে তাদের মালিকানাধীন ১৬টি দোকানের বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে দোকানে ব্যবহৃত মূল্যবান প্রিন্টিং মেশিন,যার বাজার মূল্য ১৫ থেকে ৪০ লক্ষ টাকা, আইপিএস ও ইউপিএস নষ্ট হয়ে যায় এবং প্রায় ২০ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় বলে তারা দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় একাধিক অর্ডারকৃত কাজ বাতিল করতে হয়েছে এবং জরিমানা দিয়ে কাজ ফেরত দিতে বাধ্য হতে হয়েছে। পাশাপাশি দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন নিজ খরচে পরিশোধ করতে হয়েছে।
তারা অভিযোগ করেন, গত ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে সঙ্ঘবদ্ধ সন্ত্রাসীরা তাদের আটক করে বেদম মারধর করে এবং জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর আদায় করে। একই সঙ্গে ভবিষ্যতে থানায় বা আদালতে গেলে হত্যা ও গুম করে ফেলার হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জালাল আহমেদ জসিম বলেন, “আমরা আইনের আশ্রয় নিতে গেলে আমাদের ওপর দমন-পীড়ন আরও বেড়ে যায়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী দম্পতি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্ষতিপূরণ এবং নিজেদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

