, ,

মহারশি নদীর স্থায়ী বাঁধ না থাকায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে জলাবদ্ধতা, দুর্ভোগে জনজীবন

নিউজটি শেয়ার করুন

‎শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিশেষ করে বাজার এলাকা ও আশপাশের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাজারের প্রধান সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের অব্যাহত বৃষ্টিপাতের ফলে মহারশি নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। নদীর পানি ধারণক্ষমতা কমে যাওয়ায় এবং পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় পানি বাজার ও আশপাশের এলাকায় প্রবেশ করে। এতে অনেক দোকানপাট, গুদামঘর ও বসতবাড়ি পানিবন্দি হয়ে পড়ে।
‎
‎ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে পানি ঢুকে পড়ায় অনেকের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজারে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসায় বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনেও বিঘ্ন ঘটছে।
‎
‎স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহারশি নদীর স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা মৌসুমে নদীর পানি বৃদ্ধি পেলেই বাজারসহ আশপাশের এলাকায় বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
‎
‎এলাকাবাসীর মতে, মহারশি নদীর তীর সংরক্ষণ, নদী খনন এবং একটি টেকসই স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
‎
‎বর্তমান পরিস্থিতিতে বাজার এলাকার পানি দ্রুত নিষ্কাশন ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে এমন দুর্ভোগ থেকে রক্ষা পেতে মহারশি নদীর স্থায়ী বাঁধ নির্মাণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে।