নবীন শিক্ষকদের পেশাগত দক্ষতা ও উৎকর্ষ বাড়াতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) তিন মাসব্যাপী ‘জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি, হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দেশের ২৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৬০ জন শিক্ষক এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাকসুদা হাবিব, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহুল ইসলাম।
এ সময় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইমেরিটাস অধ্যাপক ড. এ এস এম এ হাশিব, গাকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান এবং অনুষ্ঠানের কোর্স ডিরেক্টর ও গাকৃবির ট্রেজারার অধ্যাপক ড. মো. সাফিউল ইসলাম আফ্রাদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান। পরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সাফল্য, অর্জন ও বিশেষত্ব নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে দুজন শিক্ষক তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নতুন জ্ঞান ও কার্যকর শিক্ষণ-পদ্ধতি অর্জন করে শিক্ষকরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্মিলিতভাবে এগিয়ে গেলে দেশকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব।
তিনি জানান, বাংলাদেশের শিক্ষকদের জন্য শিগগিরই একটি বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে গাকৃবি উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বর্তমান শিক্ষক সমাজের ওপর। জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়ানো ছাড়া জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।
তিনি বলেন, “আজকের শিক্ষক সমাজই আগামী দিনের শিক্ষার্থীদের পথ দেখাবেন। তাই একজন শিক্ষকের পেশাগত উৎকর্ষ শুধু তাঁর নিজের উন্নতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি প্রজন্মের ভবিষ্যৎ।”
এ সময় উপাচার্য সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় পর্যায়ে সাফল্য ও বৈশ্বিক পর্যায়ে অগ্রগতির বিষয়টিও তুলে ধরেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ইউজিসি চেয়ারম্যানকে শুভেচ্ছা স্মারক তুলে দেন গাকৃবি উপাচার্য। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম ‘ভোট অব থ্যাংকস’ প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাকৃবির পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হান। শেষে প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অতিথিদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।







