, ,

সোনারগাঁয়ে ২৩ একর সরকারি জমি উদ্ধার, লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন

নিউজটি শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ দখলে থাকা ২৩ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধারকৃত জমিতে সরকারি মালিকানার লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় প্রায় ২৩ একর সরকারি খাসজমি অবৈধভাবে দখল করে রেখেছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর জমিটি অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। পাশাপাশি জমির সীমানা নির্ধারণ করে সরকারি মালিকানার লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার জানান, সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় ২৩ একর সরকারি জমি দখলমুক্ত করে সেখানে লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কেউ পুনরায় এসব জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, জনস্বার্থে সরকারি সম্পত্তি রক্ষা ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।