, ,

সেনবাগে দীর্ঘদিনের প্রতীক্ষিত ছাতারপাইয়া সড়কের ঢালাই কাজ শুরু: মাতবপুর পর্যন্ত দ্রুত কার্পেটিংয়ের দাবি এলাকাবাসীর

নিউজটি শেয়ার করুন

 

সেনবাগ ​প্রতিনিধি, (নোয়াখালী):
মোঃ লিটন মিয়া
০৩-০৮-২০২৬ইং

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে অবশেষে শুরু হয়েছে বহুল কাঙ্ক্ষিত সড়ক ঢালাইয়ের কাজ। স্থানীয় সংসদ সদস্য (এমপি) ফারুক সাহেবের বিশেষ বাজেটে এই উন্নয়নমূলক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

​বর্তমানে সড়কটির নির্মাণকাজ জোরকদমে এগিয়ে চলছে এবং সার্বিক কাজের গুণগত মান বজায় রাখতে এটি সরেজমিনে দেখাশোনা ও তদারকি করছেন ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান।

​দীর্ঘদিন পর জরাজীর্ণ এই সড়কটির ঢালাই কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং ব্যবসায়ীদের মাঝে। তবে বর্তমান ঢালাই অংশটি শেষ হওয়ার পর বাকি অংশ মাতবপুর পর্যন্ত যেন দ্রুত পিচ ঢালাই (কার্পেটিং) করা হয়—এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ।

​এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ীরা জানান, সড়কটির বেহাল দশার কারণে বহু বছর ধরে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ব্যবসা-বাণিজ্যে মন্দার পাশাপাশি রোগীদের যাতায়াতে পোহাতে হতো নাভিশ্বাস। বর্তমানে আরসিসি ঢালাইয়ের কাজ শুরু হওয়ায় আমরা এমপি মহোদয় ও চেয়ারম্যান সাহেবের প্রতি কৃতজ্ঞ। তবে আমাদের আকুল দাবি, মাতবপুর পর্যন্ত পুরো সড়কটির বাকি কাজ যেন দ্রুত পিচ ঢালাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়।

​চেয়ারম্যান আব্দুর রহমান সড়ক নির্মাণ কাজ পরিদর্শনকালে জানান, জনদুর্ভোগ লাঘবে কাজের মান ভালো রাখতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। সরকারের কাছে স্থানীয়দের এখন একটাই মূল দাবি—কোনো ধরনের বিলম্ব ছাড়াই যেন দ্রুততার সাথে পুরো মাতবপুর পর্যন্ত সড়কটির নির্মাণকাজ সম্পূর্ণ করা হয়, যাতে এলাকার যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত সূচিত হয়।