গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং ছুটি সংক্রান্ত অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
এতে উপজেলা পর্যায়ের সমাজসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, তিনি এক মাসের ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করলেও নির্ধারিত সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে অফিসে যোগদান করেননি। প্রায় তিন মাসেও তিনি কর্মস্থলে ফিরে আসেননি বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলেও এলাকায় গুঞ্জন রয়েছে।
ছুটির বিষয়ে একাধিক সময়ভিত্তিক তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্যমতে-
০৯-০২-২০২৩ থেকে ৪৫ দিনের ছুটি,
০৮-০২-২০২৪ থেকে ২০ দিনের ছুটি,
১১-০২-২০২৫ থেকে ৯০ দিনের ছুটি,
১৬-০৩-২০২৬ থেকে ৩০ দিনের ছুটি।
এছাড়া অনলাইনে অতিরিক্ত ৬৫ দিনের ছুটি গ্রহণের দাবি উঠলেও জেলা সমাজসেবা কার্যালয়ে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ নথি বা অনুমোদনের সুস্পষ্ট রেকর্ড পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায় মুঠোফোনে জানান, তিনি স্ত্রীর চিকিৎসার জন্য এক মাসের ছুটি নিয়ে ভারতে ছিলেন এবং পরবর্তীতে অনলাইনে আরও ৬৫ দিনের ছুটি গ্রহণ করেছেন বলে দাবি করেন। তবে কোন দপ্তরের মাধ্যমে ওই ছুটি অনুমোদিত হয়েছে-এ বিষয়ে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
অন্যদিকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইমাম হাসিম জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট ছুটির রেকর্ড যাচাই করা হচ্ছে। তিনি বলেন, কোনো অনিয়ম বা অসামঞ্জস্য পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুল ইসলাম জানান, দীর্ঘদিন কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটলেও সীমিত জনবল নিয়ে সেবা কার্যক্রম চালানো হচ্ছে। জনবল সংকট ও প্রশাসনিক শূন্যতার কারণে সেবাপ্রার্থীরা কিছুটা ভোগান্তির শিকার হচ্ছেন বলেও তিনি স্বীকার করেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সরকারি পরিচালক, রেজিস্ট্রেশন অফিসার, প্রবেশন অফিসারসহ প্রায় ১০টি গুরুত্বপূর্ণ পদ অন্তর্ভুক্ত।
এ অবস্থায় জনবল সংকটের মধ্যেই একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দীর্ঘ অনুপস্থিতি ও ছুটি ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, দপ্তর যখন সংকটে ভুগছে, তখন দায়িত্বশীল কর্মকর্তার দীর্ঘদিন অনুপস্থিতি সেবাদানে স্থবিরতা সৃষ্টি করেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনিক উপস্থিতি ও ছুটি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত না হলে সমাজসেবা কার্যক্রমের ওপর আস্থা সংকট তৈরি হতে পারে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, জনবল নিয়োগ এবং কঠোর প্রশাসনিক তদারকির দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ছুটি অনুমোদন প্রক্রিয়া, প্রশাসনিক নজরদারি এবং দপ্তরীয় কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।







