গাইবান্ধার সাঘাটা উপজেলার অন্যতম স্বনামধন্য ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান সাঘাটা ডিগ্রি কলেজ দীর্ঘদিন ধরে চরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার প্রধান ভরসা ও আশা হয়ে উঠেছে। শিক্ষা, শৃঙ্খলা ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই জেলার শীর্ষস্থানীয় কলেজ হিসেবে সুনাম অর্জন করেছে।
অধ্যক্ষ সাইদুর রহমানের নেতৃত্বে কলেজটি নিয়মিত পাঠদান, মানসম্মত শিক্ষা কার্যক্রম ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে এগিয়ে যাচ্ছে। বর্তমানে কলেজে মোট ৮৯৬ জন শিক্ষার্থী অধ্যয়নরত-এর মধ্যে ইন্টারমিডিয়েট পর্যায়ে ৩২৫ জন এবং ডিগ্রি পর্যায়ে ৫৭৩ জন। শিক্ষার্থীদের সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় ৪৮ জন শিক্ষক ও কর্মচারী নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
শিক্ষার মানোন্নয়নে কলেজটিতে রয়েছে নিজস্ব প্রজেক্টর, আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরি এবং সহপাঠ্য কার্যক্রমের নিয়মিত আয়োজন। শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে দিকনির্দেশনা প্রদান করেন, যাতে তারা উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা ও কর্মক্ষেত্রে সফল হতে পারে।
অধ্যক্ষ সাইদুর রহমান বলেন,
আমাদের লক্ষ্য শুধু পাঠ্যবই নয়, শিক্ষার্থীদের বাস্তবজ্ঞান, নৈতিক মূল্যবোধ ও আত্মনির্ভরশীলতা তৈরি করা। চরাঞ্চলের অনেক মেধাবী শিক্ষার্থী আজ এখান থেকে শিক্ষা নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সফলভাবে কাজ করছে।চরাঞ্চলভিত্তিক এই কলেজে অনেক শিক্ষার্থী প্রতিদিন দূরবর্তী এলাকা থেকে এসে ক্লাসে অংশ নেয়। যাতায়াতের কিছু সমস্যার পরও শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় কলেজটি নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ফলাফলে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে।
স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবকরা জানান, সাঘাটা ডিগ্রি কলেজ এখন চরাঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা হিসেবে পরিচিত। প্রতিবছর পরীক্ষার ভালো ফলাফল, সহপাঠ্য কার্যক্রমে সাফল্য এবং আধুনিক শিক্ষার পরিবেশ কলেজটির সুনাম আরও উজ্জ্বল করছে।
তাদের ভাষায়, গ্রামীণ ও চরাঞ্চলের তরুণদের জন্য সাঘাটা ডিগ্রি কলেজ আজ আশা ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।







