নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যাত্রাবাড়ী থানা সাংবাদিক ক্লাবে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত এ সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের মাধ্যমে মানসম্মত সাংবাদিকতা চর্চা এবং পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, যাত্রাবাড়ী প্রেস সাংবাদিক ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম সাদ্দাম, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)-এর মহাসচিব মো. শামছুল আলম এবং আরজেএফের সাধারণ পরিষদ সদস্য কে এম শফিউল আলম উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ প্রয়োজন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করাও জরুরি।
তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি পেশাগত দক্ষতা ও নৈতিকতার উন্নয়নে সংশ্লিষ্ট সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত উন্নয়নে ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।






