বিশেষ প্রতিনিধি, দৈনিক স্বদেশ বিচিত্রা: বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়, সম্পদ, ধর্মীয় স্বাধীনতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে অবিলম্বে ‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ প্রণয়ন এবং রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের তীব্র দাবি জানিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)।
গতকাল ২১ আগস্ট ২০২৬ (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩য় তলায় অবস্থিত সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) কেন্দ্রীয় কমিটি আয়োজিত “বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, ধর্মীয় উপাসনালয়, সম্পদ, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্রের করণীয়” শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান।
বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) ভারপ্রাপ্ত সভাপতি অনুপ কুমার দত্তের সভাপতিত্বে এবং সন্তোষ চন্দ্র দাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিল্টন বৈদ্য এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএসপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন সায়ান বালা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা প্রাণবানন্দ মহারাজ।
সভায় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শ্রী নারায়ন চন্দ্র দত্ত, সজল কুমার মিশ্র, পল্টন দাস, অনিল পাল, এবং চট্টগ্রাম জেলা বিএসপির সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার। এছাড়াও উন্মুক্ত আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট লিটনচন্দ্র বণিক, ঢাকা মহানগর দক্ষিণ বিএসপির সভাপতি প্রাণতোষ তালুকদার, ঢাকা উত্তর বিএসপির সভাপতি ডা. অনিন্দ্য দত্ত, টনি মল্লিক, উত্তম কুমার দাস ও ইন্দ্রজিৎ মন্ডলসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য ও মূল দাবি:
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, একটি গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের মূল সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রে বসবাসরত যেকোনো সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী।
সভায় বিএসপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন, “সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সরকারি-বেসরকারি চাকরি থেকে অপসারণ বা চাকরিচ্যুতি, প্রশাসনের বিভিন্ন স্তরে নিয়োগ ও দায়িত্ব পালনে বৈষম্য এবং ডিসি, এসপি, সচিবসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য নিরপেক্ষভাবে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, ভয়ভীতি, নির্যাতন ও উপাসনালয় দখলের বিচার বিভাগীয় ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। বিএসপির স্থায়ী কমিটির সদস্য সুবীর কান্তি ধর সতর্ক করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের বিচার করবে দেশের আইন ও আদালত; কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইন নিজের হাতে তুলে নিয়ে সংখ্যালঘু নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে না।
সভায় উত্থাপিত মূল দাবি ও সুপারিশ:সংখ্যালঘু সুরক্ষা আইন: দ্রুত সময়ের মধ্যে একটি পৃথক ও কার্যকর “সংখ্যালঘু সুরক্ষা আইন” প্রণয়ন ও বাস্তবায়ন করা।
দ্রুত বিচার ও ক্ষতিপূরণ: অতীতে সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও উপাসনালয়কে যথাযথ ক্ষতিপূরণ প্রদান।
প্রশাসনিক বৈষম্য দূরীকরণ: চাকরিচ্যুতি ও প্রশাসনিক পদায়নে বৈষম্যের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে সংবিধানে স্বীকৃত সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করা।
আইন নিজের হাতে তুলে নেওয়া বন্ধ করা: গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী পুরুষোত্তম রামের অবমাননার অভিযোগকে কেন্দ্র করে ‘তৌহিদী জনতা’ পরিচয়ে সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান।
আইনি সুরক্ষা ও মুক্তি: চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দ্রুত মুক্তি নিশ্চিত করা এবং ধর্মীয় উপাসনালয় ও শ্মশানের জমি দখল ও হয়রানি বন্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা গ্রহণ।
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা: রাজনৈতিক পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে অপরাধীদের দ্রুত সনাক্ত করা এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সংখ্যালঘুদের সুরক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা।
সভা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কালবিলম্ব না করে অবিলম্বে এসব যৌক্তিক দাবি মেনে নেবে।






