‘এসো মিলি প্রাণের টানে, ফিরে যাই শৈশবে’—এই আবেগঘন ও চিরচেনা প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর কে.সি. উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকে অপূর্ব প্লাবনভূমি কেন্দ্রিক টুরিজমের হলরুমে দিনব্যাপী বর্ণিল ও জমকালো আয়োজনে এই পূর্ণমিলনী সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মোট ৫২ জন ব্যাচমেট উপস্থিত হন। শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারা কয়েকজন ব্যাচমেট মোবাইল ফোনে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সহপাঠীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন এবং অনুপস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
প্রায় ২৭ বছর পর শৈশব ও কৈশোরের প্রিয় বন্ধুদের একসঙ্গে পেয়ে অংশগ্রহণকারীদের মাঝে ফিরে আসে পুরনো দিনের স্মৃতি। প্রাণবন্ত হাসি-আড্ডা, দুষ্টুমি আর একে অপরকে নিয়ে ঠাট্টা-মশকরায় পুরো মিলনমেলা পরিণত হয় এক আবেগঘন ও প্রাণবন্ত উৎসবে।
অনুষ্ঠান সূচির শুরুতে সকালবেলা ফুল দিয়ে প্রত্যেক ব্যাচমেটকে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়। পরে পরিবেশন করা হয় সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলে হালকা নাস্তা। প্রথম অধিবেশনে পরিচয় পর্ব শেষে থিম সংয়ের তালে তালে নাচ-গান ও বিভিন্ন আনন্দঘন আয়োজনে সকলে অংশ নেন।
দুপুরের খাবার শেষে দ্বিতীয় অধিবেশনে কেক কাটা ও সকল অংশগ্রহণকারী ব্যাচমেটের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ—মাওলানা নেছার আহামদ, মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, মোঃ হুমায়ুন কবীর, মোঃ নুরুন্নবী, মোসাম্মৎ ফরিদা ইয়াসমিন, গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ ও দেবনাথ সুভাষ চন্দ্র।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাউসার আহমেদ ভূঁইয়া (জার্মান প্রবাসী), সাঈদ আহম্মেদ প্রধান, রাসেল মুন্সী, মোঃ মোশারফ হোসেন, মোঃ শাহাবুদ্দিন, সাংবাদিক মোঃ মনির হোসেন, মোঃ কামাল হোসেন ও মোঃ ইব্রাহিম খলিল। উপস্থাপনায় দায়িত্ব পালন করেন এস এম হামিম (রাসেল)।
দীর্ঘদিন পর সহপাঠীদের এমন মিলনমেলায় অপূর্ব প্লাবনভূমি কেন্দ্রিক টুরিজমের হলরুমটি আনন্দ, আবেগ ও ভালোবাসায় মুখরিত হয়ে ওঠে। স্মৃতি, বন্ধুত্ব ও ভালোবাসার অনন্য মেলবন্ধনে এই পূর্ণমিলনী রায়পুর কে.সি. উচ্চ বিদ্যালয়ের ১৯৯৮ ব্যাচের সকলের হৃদয়ে রেখে গেছে এক স্মরণীয় অধ্যায়।

