সোহান রহমান তূর্য, স্টাফ রিপোর্টার: খুলনার সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব মোড়ের সুজুকি শো-রুমের পাশের গলির ভিতরে জনৈক এম এম শরীফুলের বাড়ি থেকে নানী-নাতিসহ মোট তিন জনের মরদেহ উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। মৃতদের পরিচয় বেবী (৫০), শামীম (১০), মোস্তাকিম (৩)।
স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, গত ঈদুল-আযহার দিন থেকে ভিকটিমরা নিঁখোজ ছিলেন। শনিবার আছরের নামাজের পর প্রতিবেশীরা উক্ত বাড়ি থেকে পঁচা গন্ধ পেয়ে তালা ভেঙ্গে বাসায় ঢুকে এই বিভৎস চিত্র দেখতে পান। প্রতিবেশীরা তৎক্ষণাত পুলিশকে ঘটনাটি জানালে পুলিশ এসে খাটের নিচ থেকে নানী বেবীর লাশ, খাটের উপর থেকে কম্বল দিয়ে মুখ ঢাকা অবস্থায় বড় নাতি শামীমের লাশ এবং ছোট নাতি মুস্তাকিমের লাশ ঘরের ভেতরে রক্ষিত ট্রাংক থেকে উদ্ধার করে। প্রাথমিক তদন্তে সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে, বড় নাতি শামীমের মুখমন্ডলে ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বর্তমানে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ এ্যান্ড হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছে। এই বিষয়ে সোনাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করার প্রস্ততি চলছে।

