, ,

“শাহজাদপুরে স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত”

নিউজটি শেয়ার করুন

মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, স্টাফ রিপোর্টার, ‎সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতাকে উৎসাহিত করতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিনের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার মো. মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল-মামুন, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর শাহজাদপুর জোনাল অফিসের ডিজিএম মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর ইসলাম শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও পোরজনা এম.এন. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়ারেছ আলী এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জুগ্নীদাহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নবী নেওয়াজ।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর আওতায় আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়, জুগ্নীদাহ হাজী মাহতাব আলী উচ্চ বিদ্যালয়, পোরজনা এম.এন. উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর সরকারি কলেজ, শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ, মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ, মশিপুর সরিষাকোলা ফাজিল (স্নাতক) মাদরাসা, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাঘাবাড়ী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি, শিক্ষক ও দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।

এ সময় উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. মোসলেম উদ্দিন সিরাজী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে শাহজাদপুর সরকারি কলেজ প্রথম স্থান, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান এবং তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও উন্নত ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি, গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ভবিষ্যৎ উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।