, ,

লাকসামে এমপির নির্দেশে জলাবদ্ধতা নিরসনে অবৈধ বাঁধ অপসারণ

নিউজটি শেয়ার করুন

স্বদেশবিচিত্রা প্রতিবেদক : কুমিল্লার লাকসামের উত্তরদা ইউনিয়নের নাড়িদিয়া গ্রামে জলাবদ্ধতা নিরসনে বিরুলিয়া খালের অবৈধ বাঁধটি ভেঙে দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম নির্দেশে বাঁধটি অপসারণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কিছু ব্যক্তি খালে বাঁধ নির্মাণ করে পানি চলাচল বন্ধ করে দেয়। ফলে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এতে প্রায় ৫০০টি পরিবার সরাসরি ক্ষতির মুখে পড়ে চরম ভোগান্তিতে ছিল। এছাড়া প্রায় ১২০ হেক্টর কৃষিজমি পানির নিচে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।

শনিবার এমপি আবুল কালাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং সমস্যা সম্পর্কে পর্যবেক্ষণ করেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে এক্সকাভেটর দিয়ে বাঁধটি ভেঙে পানি প্রবাহ স্বাভাবিক করার নির্দেশ দেন।

এ বিষয়ে আবুল কালাম বলেন, ‘জনগণের দুর্ভোগ সৃষ্টি করে এমন কোনো অবৈধ কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। পানি চলাচল স্বাভাবিক রাখতে খাল ও জলাশয় দখলমুক্ত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, এতে করে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে। কৃষিকাজে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
স্বদেশবিচিত্রা/এআর