, ,

রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের জের ধরে প্রতিবেশীর পানির লাইন বন্ধ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

নিউজটি শেয়ার করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১নং ওয়ার্ডে বিয়ের প্রস্তাবে সম্মতি না থাকায় কৃষক দল নেতা পরিচয়দানকারী মোঃ সেলিম (৫০)-এর বিরুদ্ধে প্রতিবেশীর পানির লাইন বন্ধ, গাছ কেটে ফেলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবেশী ভুক্তভোগী আহাম্মদ উল্যা (৭৬)।
গত শুক্রবার (১৫ মে) বিকেলে রায়পুর পৌর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এর আগে গত ১২ মে রায়পুর থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আহাম্মদ উল্যা।সংবাদ সম্মেলনে মৌখিক ও লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৭ সালে মোঃ সেলিমের পিতা নূরনবী কালুর কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন এবং বাসস্থান নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। সেলিমের পিতার অনুমতিক্রমে তিনি বাসার পানির লাইন সংযোগ নেন। দীর্ঘদিন কোনো সমস্যা না থাকলেও সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে মোঃ সেলিম তার পানির লাইন বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন, সেলিম তার মেয়ের সঙ্গে তার প্রবাসী নাতির বিয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে তার মেয়ে ও জামাতা এতে রাজি না হয়ে অন্যত্র বিয়ে সম্পন্ন করেন। এতে ক্ষুব্ধ হয়ে সেলিম বিভিন্নভাবে হয়রানি শুরু করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৯ মে সকালে বাড়ির সীমানার পাশে থাকা বিভিন্ন গাছপালা কেটে ফেলেন সেলিম। এ সময় বাধা দিতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করা হয়।
আহাম্মদ উল্যা অভিযোগ করে বলেন, পরবর্তীতে পূর্বের পানির সংযোগ লাইনও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তিনি। বর্তমানে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করায় আরও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তিনি।এ বিষয়ে আহাম্মদ উল্যা পাত্র সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।