রাজধানীর ধোলাইপাড় ও জুরাইন এলাকায় নকশা বহির্ভূত ও অনুমোদনহীন বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে বেশ কয়েকটি ভবনের আংশিক অপসারণ করে বৈদ্যুতিক মিটার জব্দ করে নির্মাণাধীন কাজ বন্ধ করে দেয়া হয়।
সোমবার (২২ জুন) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান ও রাজউক এর সাব জোন-৭ এর পরিচালক মোঃ মাইনুল আবেদীন অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস এর উপস্থিতিতে ধোলাইপাড় ও জুরাইন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউক।
উচ্ছেদ অভিযানে যে কয়েকটি ভবন পরিদর্শনে যাওয়া হয় দেখা যায় এলাকাগুলোতে বহুতল ভবন নির্মাণে রাজউক এর নকশা অনুমোদন না নিয়ে ভবন মালিকগন অনুমোদনহীন ভাবে ভবন নির্মাণ করেছেন। বিধি নিষেধ অপাওয়া যায় তাছাড়া নকশাও অনুমোদন । আইন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করেই সেখানে গড়ে উঠছে অধিকাংশ বহুতল ভবন।
উচ্ছেদ অভিযানে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, রাজউকের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেয়ার পরও অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। অভিযানের সময় অধিকাংশ ভবনের মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এসময় একটি ভবন কে ৫লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
রাজউকের সাব জোন-৭ এর পরিচালক মোঃ মাইনুল আবেদীন বলেন, ‘অবৈধ নির্মাণ বন্ধে এ এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। রাজধানীকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম চলমান রাখবে রাজউক।’
অভিযানে উপস্থিত ছিলেন ইমারত পরিদর্শক মোঃ মাসুদ রানা, শিহাব উদ্দিন, আল নাঈম মুরাদ সহ রাজউক এর বিভিন্ন কর্মকর্তারা।
উচ্ছেদ অভিযানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




