১৩ জুলাই ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ০১জন আসামীসহ ১১৬.৬২ গ্রাম ওজনের ০১টি স্বর্ণের বার, ০২টি মোবাইল এবং নগদ ২,২০০টাকা আটক করে।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারটি পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে নাভারন দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারটি নিয়ে যাচ্ছিল। আটককৃত ব্যক্তির মোঃ তাজুল ইসলাম (৩৩), পিতঃ মোঃ মজিবুল হক, গ্রামঃ বাসন্ডা, ডাকঘরঃ বেল্টা, থানাঃ নাঙ্গলকোট, জেলাঃ কুমিল্লা। আটককৃত স্বর্ণের মূল্য ২৩,৫৮,৯৮৯ টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ১৩,০০০টাকা এবং নগদ ২,২০০টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২৩,৭৪,১৮৯ তেইশ লক্ষ চুয়াত্তর হাজার একশত ঊননব্বইটাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।






