মৌলভীবাজারে মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজার ০৩ সংসদীয় আসন রাজনগর ও মৌলভীবাজারের মাননীয় সংসদ সদস্য এম নাসের রহমান এই দাবিগুলো উপস্থাপনের মাধ্যমে এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে।মানুষ আশাবাদী হয়েছে। প্রধানমন্ত্রীর শুভাগমনকে কেন্দ্র করে মানুষের প্রত্যাশাও অনেক বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ও চা-কন্যা খ্যাত মৌলভীবাজার জেলাকে আধুনিক ও উন্নত অঞ্চলে রূপান্তরের জন্য মেডিকেল কলেজ স্থাপন, শমশেরনগর বিমানবন্দর চালু, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শ্রীমঙ্গল ঢাকা এক্সপ্রেস ট্রেন চালু- এই চারটি দাবি অত্যন্ত যুগান্তকারী। এই দাবিগুলো বাস্তবায়িত হলে পুরো সিলেট বিভাগের আর্থসামাজিক উন্নয়নে এক যুগান্তকারী পরিবর্তন আনবে। উন্নত স্বাস্থ্য ও উচ্চ শিক্ষার জন্য মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরী। মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখানকার লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের দাবি। এর ফলে স্থানীয়ভাবে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে, যার জন্য সাধারণ মানুষকে দূর-দূরান্তে বা রাজধানী ঢাকায় ছুটতে হয়। পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য তরুণ প্রজন্ম নতুন সুযোগ পাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে, যা দক্ষ মানব সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে। দ্রুত যোগাযোগ ও পর্যটন বিকাশে কমলগঞ্জের শমসের নগরে বিমানবন্দর চালু হলে যোগাযোগ ব্যবস্থার একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরের সাথে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি দেশি-বিদেশী পর্যটকদের জন্য এখানকার চা বাগান ও প্রাকৃতিক পর্যটনগুলোতে ভ্রমন আকর্ষণীয় হয়ে উঠবে। শ্রীমঙ্গল টু ঢাকা এক্সপ্রেস ট্রেন চালু হলে ভ্রমণ ও অর্থনীতি সমৃদ্ধ হবে। শ্রীমঙ্গল থেকে সরাসরি ঢাকা পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চালু হলে চা শিল্পের বিকাশ ব্যবসা বাণিজ্য পর্যটনশিল্পে নতুন গতি আসবে। পর্যটকরা খুব সহজেই নির্বিঘ্নে অল্প সময়ে যাতায়াত করতে পারবেন যা স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে। পরিশেষে মৌলভীবাজারের সম্ভাবনাকে কাজে লাগাতে এই চারটি অবকাঠামগত উন্নয়ন ও সেবা চালু অত্যন্ত জরুরী। এই প্রজেক্টগুলো বাস্তবায়ন শুধু এই অঞ্চলের জীবন যাত্রার মানই বাড়বে না, জাতীয় অর্থনীতিও বিরাট অবদান রাখবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে মৌলভীবাজারের লক্ষ লক্ষ মানুষের আকুল আবেদন এই প্রানের দাবিগুলো বাস্তবায়ন সময়ের দাবি।
লেখক, প্রাবন্ধিক ও সাংবাদিক







