দেশবিরোধী মার্কিন চুক্তির প্রতিবাদ এবং হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর ঘটনার বিচার দাবিতে ঢাকা বারে সাধারণ আইনজীবীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুর ১:০০ ঘটিকায় ঢাকা বার প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
“সাধারণ আইনজীবীবৃন্দ, ঢাকা বার” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা বারের স্বনামধন্য আইনজীবী অ্যাডভোকেট শামীম আল সাইফুল ইসলাম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট খায়রুল শিকদার, অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখীসহ দুই শতাধিক আইনজীবী।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী আইনজীবীরা অভিযোগ করেন, দেশের স্বার্থবিরোধী বিদেশি চুক্তির মাধ্যমে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। একইসঙ্গে হামের টিকা কার্যক্রমে অব্যবস্থাপনা ও চরম গাফিলতির কারণে দেশে বহু শিশুর মৃত্যু ঘটেছে বলেও তারা দাবি করেন।
বক্তারা সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. ইসনুস ও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা নুরজাহান গংদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন। তারা বলেন, শিশু মৃত্যুর মতো মানবিক বিপর্যয়ের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই এবং জনগণের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভ মিছিলটি ঢাকা বার প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।






