লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো: কফিল উদ্দিন রুবেল। বুধবার সকাল ১০.০০ টায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি প্রায় ১৪ বছর ধরে মান্দারী বাজার দীঘলী রোডের গলিতে ফার্নিচার ব্যবসা করি। আমার প্রতিষ্ঠানের নাম রুবেল ফার্নিচার হাউজ। দীর্ঘ ব্যবসা পরিচালনার সময় কারও সাথে আমার কোন ঝামেলা নেই। নেই কোন রাজনৈতিক সংকটও।
কিন্তু গত ২৮ শে সেপ্টেম্বর সোমবার রাত ৮ টার সময় অর্তকিতভাবে শহীদ ও ফাহাদের নেতৃত্বে একদল লোক আমার উপর হামলা করে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালায় ও প্রাণনাশেরও হুমকি দেয়।
হামলায় আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ভয় ও আতংকে আমি এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নিতে পারিনি। প্রশাসন, ব্যবসায়ী প্রতিনিধি ও স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ন্যায় বিচার দাবি করেন তিনি।
এদিকে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় সংবদ্ধ কয়েকজন লোক ব্যবসায়ীর উপর হামলা চালায়।






