, ,

মাদারগঞ্জে বসতবাড়িতে সশস্ত্র হামলা ও লুটপাট: নারীসহ আহত একাধিক, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ গরু লুট-

নিউজটি শেয়ার করুন

​জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি বসতবাড়িতে সশস্ত্র হামলা, মারধর ও দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ উঠেছে। গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার) সকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের লোটাবর (বন্দধুলি) গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এ ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা আজাদ (৪২) বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে কাজীপুর থানা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৫০), মো. বাদশা ফকির (৬০), মো. রনি (৩০)-সহ অন্তত ১০ জন নামীয় এবং আরও ১৯-২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাড়ির নারী ও সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

​হামলায় আজাদের মা ও স্ত্রীসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। স্থানীয়রা জানান, আহতদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

​লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা তাণ্ডব চালানোর সময় আজাদের মায়ের গলা ও কান থেকে ২ ভরি এবং স্ত্রীর গলা থেকে ১ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। এছাড়াও ঘরে ঢুকে আলমারি ও বাক্সের তালা ভেঙে নগদ প্রায় ১০ লাখ টাকা এবং গোয়ালঘর থেকে ১ লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু নিয়ে যায় হামলাকারীরা। এসময় শ্লীলতাহানির মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটানো হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

​কাজীপুর থানার বাসিন্দারা মাদারগঞ্জ এলাকায় এসে এভাবে দিনদুপুরে হামলা ও লুটপাট চালানোর ঘটনায় লোটাবর গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

​মাদারগঞ্জ মডেল থানা সূত্র জানিয়েছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করছে।