, ,

মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” বাঁশখালীর ওসি রবিউল হকের কঠোর বার্তা

নিউজটি শেয়ার করুন

মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, “মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় নয়, বাঁশখালীতে চলবে জিরো টলারেন্স নীতি।”
সম্প্রতি থানার বিভিন্ন অভিযান, মাদক কারবারিদের গ্রেফতার এবং ইয়াবা-গাঁজা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা বলছেন, নতুন উদ্যমে পুলিশের অভিযান পরিচালনার ফলে মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ওসি রবিউল হক বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা তাদের আশ্রয়দাতাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজপড়ুয়া তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ একাধিক আসামিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন কঠোর অবস্থান অব্যাহত থাকলে বাঁশখালীতে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে। তারা মাদকবিরোধী অভিযানে সাধারণ জনগণকেও তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
এদিকে ওসি রবিউল হক বাঁশখালীবাসীর উদ্দেশ্যে বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই একসাথে কাজ করলে একটি নিরাপদ ও মাদকমুক্ত বাঁশখালী গড়ে তোলা সম্ভব।”