, ,

ময়মনসিংহে ছিনতাই আতঙ্ক, নগরজুড়ে নিরাপত্তাহীনতা চরমে

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহ : সোমা ঘোষ মণিকা

ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় নগরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্রিজমোড়, গাঙ্গিনার পাড়, রেলস্টেশন এলাকা, টাউন হল মোড়, গোলকিবাড়ি, সানকিপাড়া ফজলু এমপির বাসার রোড, আনন্দ মোহন কলেজের মেয়েদের হোস্টেলের পেছনের এলাকা, ধোপাখোলা মোড় এবং চরপাড়াসহ একাধিক এলাকায় নিয়মিত ছিনতাইয়ের অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এসব এলাকা এখন ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য সচেতন মহলের।
স্থানীয় সূত্র জানায়, ছিনতাইকারীরা দিনে-দুপুরেও পথচারীদের টার্গেট করছে। বিশেষ করে শিক্ষার্থী, নারী ও কর্মজীবীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। অনেক ক্ষেত্রে মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী কেড়ে নেওয়ার পাশাপাশি ভুক্তভোগীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ায় জনমনে আতঙ্ক আরও বেড়েছে।
শানকিপাড়া এলাকা থেকে দুইজনকে আটক করা হলেও মূল চক্রের একাধিক সদস্য এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত টহল ও পর্যাপ্ত নজরদারির অভাবে ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ অবস্থায় নগরবাসীর জানমাল রক্ষায় দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। বিশেষ করে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) ও কোতোয়ালী থানার টহল জোরদার, সন্দেহভাজনদের তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে স্থায়ী পুলিশ চেকপোস্ট স্থাপনের আহ্বান জানানো হয়েছে। নগরবাসী আশা করছেন, প্রশাসনের সক্রিয় উদ্যোগে দ্রুতই এই ছিনতাই আতঙ্ক নিয়ন্ত্রণে আসবে।