নরসিংদীর মনোহরদীতে শান্তি, সম্প্রীতি ও সামাজিক সহাবস্থান বজায় রাখার লক্ষ্যে একটি বৃহত্তর ‘নাগরিক প্ল্যাটফর্ম’ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। গত শনিবার (৯ মে) সকালে মনোহরদী উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) আয়োজিত ত্রৈমাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পিস অ্যাম্বাসেডর ও বিএনপি নেতা মোঃ আরিফুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে এবং কোঅর্ডিনেটর সাংবাদিক নেতা কাজী আনোয়ার কামালের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক ও ধর্মীয় ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এরই ধারাবাহিকতায় আগামী জুন মাসে মনোহরদীর সর্বস্তরের অংশীজনদের নিয়ে একটি ‘আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই সংলাপের মাধ্যমেই শান্তি ও সম্প্রীতি রক্ষায় একটি শক্তিশালী ‘নাগরিক প্ল্যাটফর্ম’ আত্মপ্রকাশ করবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:সাইদুর রহমান তসলিম, পিস অ্যাম্বাসেডর ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
এমদাদুল হক টিটো, পিস অ্যাম্বাসেডর ও রাজনীতিবিদ।নারগিছ সুলতানা, পিস অ্যাম্বাসেডর।এম সুলতান উদ্দিন, জনপ্রতিনিধি।এ. টি. এম. আশ্রাফুল আলম, শিক্ষক নেতা।এছাড়াও সভায় মতামত তুলে ধরেন আতাহার আলী, সাংবাদিক কামরুল ইসলাম, সনজন কুমার রায়, মোঃ বোরহান উদ্দিন, সরকার মোঃ ফারুক হোসেন, সাংবাদিক মীর ছালেহা (কাঞ্চি) এবং মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই দিনে পৃথক অধিবেশনে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এবং ওমেন এগেইনস্ট ভায়োলেন্স অ্যান্ড এক্সট্রিমিজম (ওয়েভ)-এর সদস্যরাও উপস্থিত থেকে শান্তি ও অহিংসা প্রসারে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করেন যে, মনোহরদীকে একটি আদর্শ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে এই নাগরিক প্ল্যাটফর্ম মাইলফলক হিসেবে কাজ করবে।







