তৈরি পোশাকশিল্পে নতুন করে নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সরকার মজুরি বোর্ড গঠন করায় সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দু।
একই সঙ্গে মজুরি বোর্ড গঠনের পরও আন্দোলনের নামে শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অরবিন্দু বেপারী বিন্দু এক বিবৃতিতে এসব কথা বলেন।
অরবিন্দু বেপারী বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর পরপর নিম্নতম মজুরি বোর্ড গঠনের দায়িত্ব সরকারের। ইতোমধ্যে সরকার নতুন মজুরি বোর্ড গঠন করেছে। এবার বোর্ডে শ্রমিকবান্ধব ও শ্রমিকদের মনোনীত প্রতিনিধি থাকায় তিনি আশাবাদী। সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে আগ্রহী বলেও তিনি মনে করেন।
তিনি অভিযোগ করেন, একটি মহল শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে শিল্পাঞ্চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও জানমালের ক্ষতি করছে। এসব কর্মকাণ্ডের দায় নিরীহ শ্রমিকদের ওপর চাপানো হচ্ছে। প্রকৃত শ্রমিকেরা নিজেদের কর্মস্থল ও শিল্পের ক্ষতি করতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। সরকার আইন অনুযায়ী নতুন মজুরি ঘোষণা করবে এবং মালিকপক্ষও তা মেনে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শ্রমিকদের উদ্দেশে অরবিন্দু বেপারী বলেন, সবাইকে নিজ নিজ কর্মস্থলে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিতে হবে। পাশাপাশি শ্রমিক পরিচয়ে কেউ আন্দোলনে অনুপ্রবেশ করে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতি করলে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।







