ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বোধল বাজারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অপরাধে দুটি বেকারিকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি, ২০২৬) দুপুর ২টায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ।
অধিদপ্তর সূত্রে জানা যায়, বোধল বাজারে অবস্থিত ‘জমজম বেকারি এন্ড সুইটস’ এবং ‘আল আমিন বেকারি’তে অভিযান চালিয়ে দেখা যায়, কারখানা দুটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছে। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
সরকারি নিয়ম ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জমজম বেকারি এন্ড সুইটস-কে ১ লক্ষ টাকা এবং আল আমিন বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতের জন্য চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় বাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


