নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে চলমান বিরূপ আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে। তবে অতিবৃষ্টি ও বন্যার কারণে শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা দেশের সকল শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২৬৯৭টি কেন্দ্রে মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। অতিবৃষ্টিজনিত বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হতে না পারার কারণে বাস্তব পরিস্থিতি বিবেচনা করে শুধু এই বোর্ডের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
বাকি বোর্ডগুলোর পরীক্ষা কেন স্থগিত করা হচ্ছে না—শিক্ষার্থী ও অভিভাবকদের এমন প্রশ্নের জবাবে আন্তঃশিক্ষা বোর্ড জানায়, দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কার্যক্রম পরিচালনার উপযোগী রয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ বিদ্যমান রয়েছে।
তাছাড়া, একই অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থাপনায় একটি বোর্ডের সমস্যার কারণে দেশের সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা বাস্তবসম্মত নয়। বারবার পরীক্ষা স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, ফলাফল প্রকাশ ও উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া ব্যাহত হয়ে সামগ্রিক শিক্ষাক্যালেন্ডার সংকটে পড়তে পারে।
তবে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছে কমিটি।







