, ,

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না।এ ছাড়াও পটুয়াখালী জেলা, থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে সমবেত হন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, জনগণের ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলটির ভূমিকা তুলে ধরেন। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার  রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল-আমিন সুজন।