একটি খালি জায়গায় বালু ভরাটকে কেন্দ্র করে মহর আলী ও চাঁন মিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মহর আলী বাদী হয়ে চাঁন মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন বলে জানা গেছে।
মামলার প্রতিবাদে চাঁন মিয়া ও তাঁর স্বজন-সমর্থকেরা মানববন্ধন করেছেন।
বিবাদী চাঁন মিয়ার দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রমে সহযোগিতা করে আসছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি প্রায় ৬ শতাংশ জমি মসজিদের নামে দান করেছেন এবং নিজ উদ্যোগ ও প্রচেষ্টায় সেখানে চারতলা একটি ভবন নির্মাণ করেছেন। এছাড়া মসজিদের ইমামের বেতন-ভাতার জন্যও তিনি বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন বলে দাবি করেন।
চাঁন মিয়া আরও বলেন, মসজিদের আশপাশে গান-বাজনা হলে তিনি ধর্মীয় ও সামাজিক পরিবেশের কথা বিবেচনা করে এতে বাধা প্রদান করেন। তাঁর দাবি, এসব বিষয়কে কেন্দ্র করে তাঁর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে।
এদিকে একটি খালি জায়গায় বালু ভরাট করতে গেলে বাদী মহর আলী তাঁর দোকানের সামনে থেকে বালু ভরাটের কাজে বাধা দেন বলে অভিযোগ করেন চাঁন মিয়া। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু ভরাটের স্থানটি মহর আলীর দোকান থেকে বেশ কিছুটা দূরে।
চাঁন মিয়ার আরও অভিযোগ, তাঁর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে বাদী মহর আলীর মুঠোফোনে কল দিলে মোবাইল বন্ধ থাকায় তার বক্তব্যে জানা যায়নি।
মামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে চাঁন মিয়া ও উপস্থিত ব্যক্তিরা মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।






