ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণ ও ডিজিটাল লেনদেনের প্রসারে সাগরকন্যা কুয়াকাটায় বাংলা কিউআর ব্যবহারে প্রচারণা চালিয়েছে রূপালী ব্যাংক পিএলসি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বরিশালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা শেষে সন্ধ্যায় রূপালী ব্যাংকের আলীপুর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে কুয়াকাটার জনাকীর্ণ সৈকতে একটি বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত হয়। পরে কুয়াকাটা জিরো পয়েন্ট ও রাখাইন মার্কেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের সুফল তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এ সময় হোটেল প্রেসিডেন্ট পার্ক ও হোটেল রয়্যাল হেরিটেজে বাংলা কিউআর কোড স্থাপন করা হয়।
কর্মসূচির মাধ্যমে কুয়াকাটার ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার, নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং সহজ, দ্রুত ও নিরাপদ লেনদেন বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
কর্মসূচিতে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ, সহকারী মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা, বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহমুদ, পটুয়াখালী জোনের জোনাল ম্যানেজার মো. মনজুর হোসেন, বরিশাল জোনের জোনাল ম্যানেজার বিপুল কৃষ্ণ সন্নমত, পিরোজপুর জোনের জোনাল ম্যানেজার এফ. এম. এনামুল হকসহ পটুয়াখালী জোনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
রূপালী ব্যাংকের কর্মকর্তারা বলেন, পর্যটননগরী কুয়াকাটায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের প্রসার ঘটলে পর্যটক ও ব্যবসায়ীদের জন্য লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


