গ্রামীণ মানুষের গাছকে জলবায়ু অর্থনীতির সম্ভাবনাময় সম্পদে রূপান্তরের উদ্ভাবন নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছে গাকৃবি শিক্ষার্থীদের দল
গ্রামীণ মানুষের গাছকে জলবায়ু অর্থনীতির সম্ভাবনাময় সম্পদে রূপান্তরের অভিনব ধারণা নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষার্থীদের দল ‘CARBODIT (কার্বোডিট)’। CIRDAP–REEDS International Rural Development Innovation Challenge-2026 প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দলটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের নির্বাচিত সেরা পাঁচ উদ্ভাবনের একটি হিসেবে জায়গা করে নিয়েছে।
কার্বোডিট দলের নেতৃত্বে রয়েছেন সাইফুল্লাহ মানওয়ার, যিনি একই সঙ্গে কার্বোডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ও সহ-প্রতিষ্ঠাতা। দলের প্রধান পরিচালন কর্মকর্তা (COO) ও সহ-প্রতিষ্ঠাতা ফাবিয়ান তাসকিন, প্রধান অর্থ কর্মকর্তা (CFO) অদিতি ঘোষ এবং ডেভেলপার আরিফা সাইয়ারা রিজা।
আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় ১৩টি দেশ থেকে মোট ১৮৭টি উদ্ভাবনী প্রস্তাব জমা পড়ে। আন্তর্জাতিক বিচারক কমিটির কঠোর ও স্বচ্ছ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সেরা উদ্ভাবনগুলো নির্বাচন করা হয়। গত ৬ জুলাই CIRDAP-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কার্বোডিট দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই অর্জনের পর গাকৃবির তরুণ উদ্ভাবকদের সামনে আরও বড় সুযোগ তৈরি হয়েছে। আগামী ৬–১০ অক্টোবর ২০২৬ শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিতব্য ‘Asia Pacific Conference on Innovations in Rural Development’-এ কার্বোডিটের উদ্ভাবন উপস্থাপনের জন্য দলটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
আন্তর্জাতিক এ সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের প্রতিনিধি ও উদ্ভাবকদের সামনে বাংলাদেশের গ্রামীণ বাস্তবতার আলোকে তৈরি কার্বোডিটের মডেল তুলে ধরবেন দলের সদস্যরা।
গাকৃবির শিক্ষার্থীদের এ অসামান্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, গাকৃবি আন্তর্জাতিক বিভিন্ন র্যাংকিংয়ে জাতীয় পর্যায়ে শীর্ষস্থান এবং বৈশ্বিক পরিমণ্ডলে গৌরবময় অবস্থান অর্জনে সক্ষম হয়েছে। এ অর্জনের অন্যতম অংশীদার শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের গুণগত উৎকর্ষ সাধনের লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কার্বোডিটের লক্ষ্য কী?
‘CARBODIT: A Community-Based Digital Carbon Finance Model for Rural Empowerment’ উদ্ভাবনের মূল লক্ষ্য হলো গ্রামীণ পরিবারের মালিকানাধীন গাছকে সমষ্টিগতভাবে পরিমাপযোগ্য কার্বন সম্পদে রূপান্তর করে বৈশ্বিক কার্বন বাজার ও জলবায়ু অর্থায়নের সঙ্গে যুক্ত করা।
এর মাধ্যমে গাছের মালিকরা তাদের পরিবেশগত অবদানের আর্থিক মূল্য পাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে গাছের তথ্য সংগ্রহ, ডিজিটাল ব্যবস্থাপনা এবং কার্বন সম্পদ তৈরির একটি কমিউনিটিভিত্তিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কার্বোডিটের এ সাফল্য শুধু একটি আন্তর্জাতিক পুরস্কার অর্জনের গল্প নয়; এটি বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী শক্তি, গ্রামীণ মানুষের সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জের স্থানীয় সমাধান খোঁজার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।







