বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর এক গভীর অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে রাষ্ট্রীয় যাত্রা শুরু করে। যুদ্ধবিধ্বস্ত দেশে শিল্প–কারখানা, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উৎপাদন ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে এবং দক্ষ মানবসম্পদের একটি বড় অংশ যুদ্ধাহত, বাস্তুচ্যুত অথবা কর্মক্ষমতা হারায়। সদ্য স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে সীমিত অভ্যন্তরীণ সঞ্চয়, বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতি, দুর্বল শিল্পভিত্তি এবং আন্তর্জাতিক বাজারে অপ্রতুল সংযোগ নিয়ে অর্থনৈতিক পুনর্গঠনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই প্রেক্ষাপটে উন্নয়ন কৌশল নির্ধারণ ছিল সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত।
স্বাধীনতা-পরবর্তী প্রাথমিক পর্যায়ে রাষ্ট্রীয় মালিকানাভিত্তিক শিল্পায়নকে উন্নয়নের প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণ করা হয়। জাতীয়করণ নীতির মাধ্যমে বড় শিল্পপ্রতিষ্ঠান রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হয় এবং ধারণা করা হয়েছিল যে রাষ্ট্র পরিচালিত শিল্পই দ্রুত উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবে। কিন্তু সময়ের ব্যবধানে এ মডেলের অন্তর্নিহিত সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। ব্যবস্থাপনার অদক্ষতা, প্রযুক্তিগত পশ্চাৎপদতা, অতিরিক্ত ব্যুরোক্রেটিক নিয়ন্ত্রণ এবং বাজারমুখী প্রণোদনার অভাবে রাষ্ট্রীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোর বড় অংশ ধারাবাহিক লোকসানে পতিত হয়। এসব লোকসানি প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে সরকারকে বিপুল ভর্তুকি দিতে হয়, যা জাতীয় অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং উন্নয়ন ব্যয়ের পরিসর সংকুচিত করে।
এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশের শিল্প কাঠামোর মৌলিক পুনর্বিবেচনার প্রয়োজনীয়তা দেখা দেয়। নীতিনির্ধারকদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে কেবল রাষ্ট্রীয় মালিকানার ওপর নির্ভর করে টেকসই শিল্পায়ন সম্ভব নয়। প্রয়োজন এমন একটি বিকল্প কৌশল, যা বেসরকারি ও বৈদেশিক বিনিয়োগকে সম্পৃক্ত করবে, রপ্তানিনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তুলবে এবং বৈশ্বিক বাজারের সঙ্গে দেশের অর্থনীতিকে সংযুক্ত করবে। এই চিন্তাধারার ফল হিসেবেই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) ধারণার উন্মেষ ঘটে, যা পরবর্তীকালে বাংলাদেশের শিল্পায়ন ইতিহাসে একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ইপিজেডকে এমন একটি বিশেষ অর্থনৈতিক এলাকা হিসেবে পরিকল্পনা করা হয়, যেখানে সীমিত ভৌগোলিক পরিসরে বিনিয়োগবান্ধব আইন ও নীতি, সরল প্রশাসনিক ব্যবস্থা, আধুনিক অবকাঠামো এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন পরিবেশ নিশ্চিত করা হবে। এর মূল লক্ষ্য ছিল বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ, রপ্তানিমুখী শিল্প স্থাপন, আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতার স্থানান্তর এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি। বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এই ধারণা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণনির্ভর অর্থনীতি থেকে বাজারসংযুক্ত ও রপ্তানিনির্ভর কাঠামোর দিকে একটি সুস্পষ্ট রূপান্তরের ইঙ্গিত বহন করছিল।
এই ধারণাকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্ব একটি নির্ণায়ক ভূমিকা পালন করে। তিনি উপলব্ধি করেছিলেন যে উন্নয়নশীল দেশের জন্য টেকসই শিল্পায়ন কেবল অভ্যন্তরীণ সম্পদের ওপর নির্ভর করে সম্ভব নয়; বরং বৈদেশিক পুঁজি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে কার্যকর সংযোগ অপরিহার্য। তাঁর নেতৃত্বেই ইপিজেড উদ্যোগ একটি সুপরিকল্পিত ও প্রমাণভিত্তিক নীতিগত সিদ্ধান্তে পরিণত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সঙ্গে আলোচনার পাশাপাশি দেশের আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে ইপিজেড মডেলকে বাংলাদেশের উপযোগী করে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮০ সালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেপজা গঠিত হয়। বেপজা প্রতিষ্ঠার মাধ্যমে ইপিজেড ব্যবস্থাপনাকে প্রচলিত শিল্প প্রশাসনের কাঠামো থেকে পৃথক করে একটি বিশেষায়িত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আওতায় আনা হয়। বেপজার ওপর ইপিজেডের পরিকল্পনা, ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, বিনিয়োগ অনুমোদন, প্লট বরাদ্দ, একক জানালা সেবা প্রদান এবং সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব ন্যস্ত করা হয়। এই প্রাতিষ্ঠানিক কাঠামো বিনিয়োগকারীদের জন্য নীতিগত স্থিতিশীলতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে, যা ইপিজেড মডেলের সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে।
১৯৮৩ সালে চট্টগ্রামে দেশের প্রথম ইপিজেড কার্যক্রম শুরু করে। প্রধান সমুদ্রবন্দরের নিকটবর্তী অবস্থান, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যমান শ্রমবাজারের সুবিধা থাকায় চট্টগ্রাম ইপিজেড দ্রুত বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে। এই সাফল্যের ধারাবাহিকতায় পরবর্তী সময়ে ঢাকা, মংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা (নীলফামারী), কর্ণফুলী ও আদমজীসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ইপিজেড স্থাপিত হয়। ইপিজেডগুলোর এই ভৌগোলিক বিস্তার শিল্পায়নের সুফলকে রাজধানী ও বন্দরকেন্দ্রিক সীমাবদ্ধতার বাইরে নিয়ে গিয়ে অপেক্ষাকৃত অনগ্রসর অঞ্চলেও ছড়িয়ে দেয়।
জাতীয় অর্থনীতিতে ইপিজেডের অবদান বহুমাত্রিক। সীমিত ভৌগোলিক পরিসরে অবস্থিত হলেও ইপিজেডসমূহ দীর্ঘদিন ধরে দেশের মোট রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ যোগান দিয়ে আসছে। বিভিন্ন সময়ে ইপিজেড থেকে জাতীয় রপ্তানির প্রায় ১৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত অবদান এসেছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তৈরি পোশাক, ফুটওয়্যার, ইলেকট্রনিক্স, লেদার গুডস এবং হালকা প্রকৌশল পণ্য ইপিজেডভিত্তিক প্রধান রপ্তানি খাত হিসেবে বিকশিত হয়েছে। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করেছে।
বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রেও ইপিজেড একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বাংলাদেশের মোট বৈদেশিক বিনিয়োগ প্রবাহের একটি উল্লেখযোগ্য অংশ ইপিজেডকেন্দ্রিক শিল্পে বিনিয়োগ হয়েছে। বিনিয়োগবান্ধব নীতি, কর ও শুল্ক সুবিধা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ এবং দ্রুত প্রশাসনিক সেবা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইপিজেডকে তুলনামূলকভাবে নিরাপদ ও লাভজনক গন্তব্যে পরিণত করেছে। এর ফলে বাংলাদেশ বৈশ্বিক উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলের সঙ্গে আরও দৃঢ়ভাবে সংযুক্ত হয়েছে।
কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও ইপিজেডের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইপিজেডসমূহে সরাসরি কয়েক লক্ষ শ্রমিক ও কর্মচারীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার একটি বড় অংশ নারী শ্রমিক। নারীর শ্রমবাজারে অংশগ্রহণ বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং সামাজিক ক্ষমতায়নে ইপিজেড একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। পাশাপাশি পরিবহন, ব্যাংকিং, বীমা, প্যাকেজিং ও লজিস্টিক খাতে বিপুল পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, যা সামগ্রিকভাবে জাতীয় শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
ইপিজেডভিত্তিক শিল্পায়নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন। আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক ব্যবস্থাপনা কৌশল ব্যবহারের ফলে স্থানীয় শ্রমশক্তি নতুন দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছে। এই দক্ষতা ও প্রযুক্তি স্থানান্তর কেবল ইপিজেডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং ধীরে ধীরে দেশের অন্যান্য শিল্পখাতেও এর ইতিবাচক প্রভাব বিস্তৃত হয়েছে। ফলে সামগ্রিক শিল্প সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদনশীলতা উন্নত হয়েছে।
ইপিজেডের সামাজিক প্রভাবও উল্লেখযোগ্য। গ্রামীণ ও আধা-শহুরে অঞ্চলের মানুষের শিল্পখাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন আবাসন ও নগরায়ণ গড়ে উঠেছে এবং সহায়ক সেবা খাত সম্প্রসারিত হয়েছে। তবে একই সঙ্গে শ্রম অধিকার, কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক মান বজায় রাখার চ্যালেঞ্জও সামনে এসেছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নীতিগত সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
ইপিজেড মডেল বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানি বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও এর দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কিছু কাঠামোগত ও নীতিগত চ্যালেঞ্জকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শিল্প সম্প্রসারণের ফলে অবকাঠামোর ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি হচ্ছে, যা সময়োপযোগী আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও উচ্চ দক্ষতাসম্পন্ন শিল্পের চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ উন্নয়ন একটি অগ্রাধিকারমূলক বিষয় হয়ে উঠেছে। পরিকল্পিত প্রশিক্ষণ, শিল্প–শিক্ষা সংযোগ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে এই ঘাটতি পূরণ করা যেতে পারে।
পরিবেশগত ঝুঁকি ব্যবস্থাপনাও ইপিজেড উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক। পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা জোরদারকরণ এবং সবুজ শিল্পায়নের নীতি অনুসরণের মাধ্যমে শিল্পায়ন ও পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব। পাশাপাশি বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ক্রমেই তীব্রতর হওয়ায় উৎপাদনের গুণগত মান বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য সম্প্রসারণ এবং উচ্চ মূল্য সংযোজন শিল্পে রূপান্তর অপরিহার্য হয়ে উঠেছে। ভবিষ্যতে গবেষণা ও উদ্ভাবনভিত্তিক উৎপাদন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর অধিক গুরুত্ব প্রদান করলে ইপিজেডসমূহ শুধু বর্তমান সাফল্য ধরে রাখবে না, বরং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের আরও শক্তিশালী চালিকাশক্তিতে পরিণত হবে।
সার্বিকভাবে বলা যায়, বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেড কেবল একটি শিল্পায়ন উদ্যোগ নয়; এটি একটি কাঠামোগত অর্থনৈতিক রূপান্তরের প্রতীক। স্বাধীনতা-পরবর্তী সংকটময় বাস্তবতায় গৃহীত এই দূরদর্শী নীতিগত সিদ্ধান্ত আজ জাতীয় অর্থনীতির একটি শক্ত ভিত্তিতে পরিণত হয়েছে। রপ্তানি বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে ইপিজেড বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই অভিজ্ঞতা দেশের উন্নয়ন কৌশল নির্ধারণে একটি মূল্যবান দিকনির্দেশনা হিসেবে বিবেচিত হবে।
অতিরিক্ত নির্বাহী পরিচালক (প্রশাসন), বেপজা, ঢাকা–১২০৫
(গবেষক, প্রাবন্ধিক, লেখক ও আজীবন শিক্ষার্থী)







