বাংলাদেশ সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি. নং-বি-১৮৩২), বাঁশখালী উপজেলা শাখার সম্পাদক, সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে কেন্দ্রীয় পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহর সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বাঁশখালীতে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, শ্রমিকদের সেবা ও কল্যাণ, কল্যাণ তহবিল আদায় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা সমাজকর্মী মো. নিজাম উদ্দিন, নবাগত সার্জেন্ট সরদার আরিফুর রহমান, রুবেল হোসেন মির্জি, সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, কার্যকরী সম্পাদক এহসান উল্লাহ টিটু, সিনিয়র সহ-সভাপতি কপিল উদ্দিন, অর্থ সম্পাদক নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্পাদক ও সদস্যরা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সড়কের শৃঙ্খলা, পরিবহন শ্রমিকদের বিভিন্ন বিষয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা।







