চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে মানবিক সহযোগিতা ও ত্রাণ কার্যক্রমে অবদান রাখা ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। অনুষ্ঠানে বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্যসামগ্রী, নগদ অর্থ, গৃহনির্মাণ সামগ্রী, ওষুধ, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, আননূসরা ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা হাসান আজহারী, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট নাসির উদ্দিন, শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি হাফেজ রুহুল্লাহ তালুকদার, শীলকূপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী, আহসানুল হাবীব সেলিম, বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ, মাওলানা ওসমান গণি, শায়ের মাওলানা রাশেদ চাটগামী, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হেফাজ উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর বিভিন্ন এলাকার অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়। বন্যার সেই কঠিন সময়ে ব্যক্তি উদ্যোগ, সামাজিক সংগঠন, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হলে অন্যরাও মানবিক কাজে উৎসাহিত হন। ভবিষ্যতে যেকোনো দুর্যোগ ও সংকটে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
দুই তরুণের উদ্যোগে আয়োজন
অনুষ্ঠানটির আয়োজন করেন বাঁশখালীর দুই তরুণ মানবিক উদ্যোগী আজগর হোসেন ফাহিম ও আব্বাস উদ্দীন। তাদের পরিকল্পনা, উদ্যোগ ও অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানান।
বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তিদের সম্মান জানানোর এই উদ্যোগকে স্থানীয়ভাবে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মানুষের কল্যাণে যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সম্মান জানানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন এ আর ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী মিজানুর রহমান। তাঁর সহযোগিতা ও আয়োজকদের নিরলস প্রচেষ্টায় সম্মাননা অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষপর্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রমে অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত সবাই ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।







