জীবিকার প্রয়োজনে মানুষের নিরন্তর ছুটে চলা। এই ছুটে চলার পথে বরুড়া বাজারের যানজট প্রধান অন্তরায়। প্রতিদিনই যানজট পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে।
যার ফলে প্রতিদিন সড়কেই নষ্ট হচ্ছে মানুষের কর্মঘন্টা।এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও
কর্মজীবীরা। বিশেষ করে সকাল ও বিকেল বেলা যানজটের মাত্রা আরও বেড়ে যায়।
বাজারের প্রধান সড়কে অবৈধ পার্কিং, রাস্তার ওপর ভ্যান ও অটোরিকশা দাঁড়িয়ে থাকা, ফুটপাত দখল করে দোকান বসানো এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহনও দীর্ঘ সময় আটকে থাকে। রাস্তা সম্প্রসারণের পর ফুটপাতের নির্মাণ কাজ শেষ না করায় যত্রতত্র গাড়ী পার্কিংয়ের ফলে পথচারীদের মুল সড়কেই চলতে হয়।
একজন পথচারী বলেন, “প্রতিদিন অফিসে যেতে দেরি হয়। অল্প দূরত্ব পার হতে আধা ঘণ্টার বেশি সময় লাগে।”
একজন বাজারের ব্যবসায়ী জানান, “যানজটের কারণে ক্রেতারাও বিরক্ত, ব্যবসার ক্ষতি হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা, অবৈধ দখল উচ্ছেদ এবং বাজার এলাকায় নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা চালু করা হলে যানজট অনেকটাই কমবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।







